Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

অগ্রাহায়ণ ১৪ ১৪৩৩, সোমবার ৩০ নভেম্বর ২০২৬

লোডশেডিং: তিন মাসে ক্ষতি ‘৫৪ হাজার কোটি টাকা’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:৩২, ২৯ নভেম্বর ২০২৬

প্রিন্ট:

লোডশেডিং: তিন মাসে ক্ষতি ‘৫৪ হাজার কোটি টাকা’

ছবি : সংগৃহীত

দেশে গত আগস্ট থেকে অক্টোবরে (তিন মাস) লোডশেডিংয়ের কারণে ৫৪ হাজার ৯০ কোটি টাকা ক্ষতি হয়েছে। এ সময়ে চাহিদার তুলনায় ২ হাজার ৩৭৮ দশমিক ৬ গিগাওয়াট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করা যায়নি। বিদ্যুৎ না পাওয়ায় শিল্পকারখানাসহ বিভিন্ন খাতের উৎপাদন ও অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাহত হয়েছে। 

র‌বিবার (২৯ নভেম্বর) ঢাকার সিরডাপ মিলনায়তনে প্রকাশিত ‘এনার্জি ক্রাইসিস ইন বাংলাদেশ: ইমিডিয়েট টু লংগার-টার্ম পলিসি ইম্পেরেটিভস’ শীর্ষক  গবেষণা প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বাড়তি বিদ্যুৎ চাহিদা মেটাতে শুধু এলএনজি আমদানির ওপর নির্ভর করলে বৈদেশিক মুদ্রার ওপর বড় চাপ তৈরি হবে। তাই দেশীয় গ্যাস অনুসন্ধান, সৌরবিদ্যুৎসহ নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ এবং পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি আঞ্চলিক বিদ্যুৎ বাণিজ্য বাড়াতে হবে।

প্রতিবেদনটি প্রকাশ করেছে রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট (র‌্যাপিড) এবং দ্য এশিয়া ফাউন্ডেশন। এতে বলা হয়েছে, তিন মাসে বিদ্যুতের ঘাটতি ছিল চাহিদার ৩ থেকে ১০ শতাংশ। এই ঘাটতির কারণে হওয়া অর্থনৈতিক ক্ষতি ২০২৫-২৬ অর্থবছরের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় শূন্য দশমিক ৮৮ শতাংশের সমান।

গবেষণায় বলা হয়েছে, প্রতি ইউনিট (কিলোওয়াট ঘণ্টা) বিদ্যুৎ সরবরাহ না হলে সামগ্রিক অর্থনীতিতে গড়ে ২২৭ টাকার ক্ষতি হয়। শিল্প খাতে এই ক্ষতির পরিমাণ ৩১০ টাকা। অর্থাৎ বিদ্যুৎ না থাকায় শুধু কারখানার উৎপাদনই কমে না, এর প্রভাব পড়ে সরবরাহ ব্যবস্থা ও সংশ্লিষ্ট অন্যান্য অর্থনৈতিক কর্মকাণ্ডেও।

গবেষকদের হিসাবে, লোডশেডিংয়ের অর্থনৈতিক ক্ষতি বিদ্যুৎ উৎপাদনে এলএনজি ব্যবহারের জ্বালানি ব্যয়ের প্রায় ১২ গুণ। ফলে বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি সাশ্রয়ের হিসাব করতে গিয়ে সরবরাহ ঘাটতির কারণে অর্থনীতির বড় ক্ষতিকে উপেক্ষা করা ঠিক হবে না।

গ্যাসের সরবরাহ বাড়ালে কমবে ঘাটতি

গবেষণায় বিদ্যুৎ উৎপাদনে গ্যাস সরবরাহের সঙ্গে লোডশেডিংয়ের সরাসরি সম্পর্কের কথা বলা হয়েছে। এতে বলা হয়, বিদ্যুৎকেন্দ্রে দৈনিক অতিরিক্ত ১০ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা গেলে দিনে প্রায় ১১ দশমিক ৬ গিগাওয়াট ঘণ্টা বিদ্যুৎ ঘাটতি কমানো সম্ভব। অন্যদিকে তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয়াস বাড়লে বিদ্যুতের চাহিদা বাড়ে ১৪ দশমিক ২ গিগাওয়াট ঘণ্টা।

দেশে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা থাকলেও জ্বালানি সংকট ও অন্যান্য সীমাবদ্ধতায় তা পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না। গবেষণায় দেখা গেছে, গত আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত কোনো সময়েই সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন স্থাপিত সক্ষমতার ৫৮ শতাংশ ছাড়ায়নি। অথচ প্রয়োজনীয় সংরক্ষিত সক্ষমতাসহ বিদ্যুতের চাহিদার তুলনায় স্থাপিত সক্ষমতা প্রায় ৮ হাজার ৩০০ মেগাওয়াট বেশি।

গবেষণায় আরও বলা হয়েছে, দেশের বিদ্যুতের ৭৬ শতাংশ গ্যাস ও তেলনির্ভর। পাকিস্তানে এ হার ৩০ শতাংশ এবং ভারতে মাত্র ৩ শতাংশ। জ্বালানির উৎসে এই অতিনির্ভরতা বিদ্যুৎ সরবরাহকে ঝুঁকির মধ্যে ফেলছে। দেশে গ্যাসের উৎপাদন কমে যাওয়ায় সংকট আরও বেড়েছে।

র‌্যাপিডের গবেষণায় বিদ্যুৎকেন্দ্রের দক্ষতা বাড়ানো, প্রয়োজন অনুযায়ী গ্যাস সরবরাহ এবং বিদ্যুৎকেন্দ্রের নিয়মিত রক্ষণাবেক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো এবং বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণব্যবস্থার উন্নয়নের সুপারিশ করা হয়েছে।

ভর্তুকি লাগতে পারে এক লাখ কোটি টাকা

গবেষণার প্রাক্কলন অনুযায়ি, বিদ্যুৎ উৎপাদন ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানিতে ২০২৬-২৭ অর্থবছরে সরকারের প্রায় এক লাখ কোটি টাকা ভর্তুকি প্রয়োজন হতে পারে। এই অর্থ জাতীয় বাজেটের প্রায় ১০ শতাংশের সমান। একই সময়ে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম ও আমদানি ব্যয় বাড়লে সরকারের ওপর আর্থিক চাপ আরও বাড়তে পারে।

গবেষণায় বলা হয়েছে, বিদ্যুৎ ও এলএনজি খাতে ভর্তুকির চাহিদা বাড়ার পেছনে রয়েছে আমদানিনির্ভর জ্বালানি ব্যবস্থা, দেশীয় গ্যাসের উৎপাদন কমে যাওয়া এবং বিদ্যুৎ উৎপাদনের উচ্চ ব্যয়।

গবেষণায় ২০২৫ সালের জ্বালানি আমদানির পরিমাণ অপরিবর্তিত ধরে ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত আন্তর্জাতিক বাজারের গড় দাম ব্যবহার করে হিসাব করা হয়েছে। এতে দেখা গেছে, জ্বালানি আমদানিতে আগের তুলনায় বছরে অতিরিক্ত ২৫০ থেকে ৩৩০ কোটি ডলার ব্যয় হতে পারে। তেলের ক্ষেত্রে দুবাই ও ব্রেন্ট-দুটি ভিন্ন আন্তর্জাতিক মূল্যসূচক ব্যবহারের কারণে ব্যয়ের এই পরিসর তৈরি হয়েছে।

সক্ষমতার তুলনায় উৎপাদন কম

গবেষণায় বলা হয়েছে, দেশে বিদ্যুৎ উৎপাদনের স্থাপিত সক্ষমতা চাহিদার তুলনায় বেশি। প্রয়োজনীয় সংরক্ষিত সক্ষমতা বিবেচনায় নেওয়ার পরও প্রায় ৮ হাজার ৩০০ মেগাওয়াট অতিরিক্ত সক্ষমতা রয়েছে। তবে জ্বালানি সংকট ও অন্যান্য সীমাবদ্ধতার কারণে সব বিদ্যুৎকেন্দ্র চালানো যাচ্ছে না। এদিকে বিদ্যুৎকেন্দ্রের সক্ষমতা বাবদ বছরে প্রায় ১৮০ কোটি ডলার ব্যয়ের হিসাব তুলে ধরা হয়েছে গবেষণায়।

দেশের বিদ্যুৎ উৎপাদনের ৭৬ শতাংশ গ্যাস ও তেলনির্ভর। ফলে গ্যাসের সরবরাহ কমলে কিংবা আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বাড়লে বিদ্যুৎ উৎপাদন ব্যয়ও বেড়ে যায়। গবেষণায় ২০১৯ থেকে ২০২৫ সালের মধ্যে দেশে গ্যাসের উৎপাদন ২৯ শতাংশ কমে যাওয়ার তথ্য দেওয়া হয়েছে। এ সময়ে অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে জ্বালানির ব্যবহারও বাড়েনি।

জ্বালানি আমদানির ওপর নির্ভরতা কমাতে দেশীয় গ্যাস অনুসন্ধান ও উৎপাদন বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে গবেষণায়। পাশাপাশি বিদ্যুৎকেন্দ্রে জ্বালানির দক্ষ ব্যবহার নিশ্চিত করা, নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন বাড়ানো এবং বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণব্যবস্থার উন্নয়নে বিনিয়োগের সুপারিশ করা হয়েছে।

এলএনজি আমদানিতে ৮০ বিলিয়ন ডলার

গবেষণায় বলা হয়েছে, গ্যাসের বর্তমান ব্যবহার ও সরবরাহের কাঠামো অপরিবর্তিত থাকলে ২০৩৪ সালে বাংলাদেশকে বছরে সর্বোচ্চ ৩৩ দশমিক ৩ বিলিয়ন ঘনমিটার তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করতে হতে পারে। এতে ২০২৭ থেকে ২০৩৪ সাল পর্যন্ত এলএনজি আমদানি ও টার্মিনাল বাবদ মোট ব্যয় দাঁড়াতে পারে ৬৩ থেকে ৮০ বিলিয়ন ডলার। অর্থাৎ আট বছরে এ খাতে বিপুল বৈদেশিক মুদ্রা ব্যয়ের চাপ তৈরি হবে।

গবেষণায় আরো বলা হয়েছে, ২০২৫ সালে বাংলাদেশ ৯ দশমিক ৪ বিলিয়ন ঘনমিটার এলএনজি আমদানি করেছে। গ্যাসের বর্তমান অংশ বজায় থাকলে ২০৩৪ সালে আমদানির পরিমাণ বেড়ে ২৬ দশমিক ১ থেকে ৩৩ দশমিক ৩ বিলিয়ন ঘনমিটারে পৌঁছাতে পারে। ২০২৫ সালের আন্তর্জাতিক বেঞ্চমার্ক মূল্য ধরে এই ব্যয়ের হিসাব করা হয়েছে।

বিদ্যুতের চাহিদা বাড়বে দ্বিগুণের বেশি

গবেষণার পূর্বাভাস অনুযায়ী, ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত হওয়ার লক্ষ্য অর্জনে বিদ্যুতের চাহিদা ব্যাপকভাবে বাড়বে। ২০২৫ সালে গ্রিড বিদ্যুতের বার্ষিক চাহিদা ছিল ১ লাখ ৩ হাজার গিগাওয়াট-ঘণ্টা। ২০৩৪ সালে তা বেড়ে ২ লাখ ১১ হাজার গিগাওয়াট-ঘণ্টায় পৌঁছাতে পারে। অর্থাৎ বছরে অতিরিক্ত ১ লাখ ৮ হাজার গিগাওয়াট-ঘণ্টা বিদ্যুৎ প্রয়োজন হবে।

এ সময়ে মোট জ্বালানি চাহিদা ৫ লাখ ৬৩ হাজার গিগাওয়াট-ঘণ্টা থেকে বেড়ে ৯ লাখ ৭ হাজার গিগাওয়াট-ঘণ্টায় দাঁড়াতে পারে। বাড়তি চাহিদা ৬১ শতাংশ। সর্বোচ্চ বিদ্যুৎ চাহিদা পৌঁছাতে পারে প্রায় ৩৫ হাজার মেগাওয়াটে।

গবেষণায় বলা হয়েছে, বিদ্যমান সব বিদ্যুৎকেন্দ্র এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রসহ নির্মাণাধীন কেন্দ্রগুলো শতভাগ সক্ষমতায় চালালেও ভবিষ্যতের চাহিদা মেটানো কঠিন হবে। ২০৩০-৩১ অর্থবছর থেকেই নির্ভরযোগ্য উৎপাদন সক্ষমতার ঘাটতি দেখা দিতে পারে। ২০৩৩-৩৪ অর্থবছরে এই ঘাটতি প্রায় ১৪ হাজার ৮০০ মেগাওয়াটে পৌঁছাতে পারে।

আমদানি নির্ভরতা কমাতে বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন, বিতরণ, জ্বালানি সংরক্ষণ ও এলএনজি অবকাঠামো নিয়ে সমন্বিত দীর্ঘমেয়াদি পরিকল্পনা তৈরির সুপারিশ করেছে র‌্যাপিড। গবেষণায় ২০৩৪ সালের অর্থনীতির আকার প্রাক্কলনে বছরে ৭ দশমিক ৮৫ শতাংশ প্রকৃত প্রবৃদ্ধি, ৬ শতাংশ মূল্যস্ফীতি এবং টাকার ৫ শতাংশ অবমূল্যায়ন ধরা হয়েছে।

Walton
Walton