Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

অগ্রাহায়ণ ১৪ ১৪৩৩, সোমবার ৩০ নভেম্বর ২০২৬

বেলুচিস্তানে বন্দুকধারীদের হামলায় ১১ কয়লাখনি শ্রমিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৩:২৯, ২৯ নভেম্বর ২০২৬

প্রিন্ট:

বেলুচিস্তানে বন্দুকধারীদের হামলায় ১১ কয়লাখনি শ্রমিক নিহত

ফাইল ফটো

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে কয়লাখনি শ্রমিকদের বহনকারী দুটি ট্রাকে বন্দুকধারীদের অতর্কিত হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় আজ রোববার (২৯ নভেম্বর) প্রদেশটির পার্বত্য জেলা কোহলুতে এই হামলার ঘটনা ঘটেছে বলে দেশটির পুলিশ জানিয়েছে। খবর আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের।

কোহলু বেলুচিস্তানের এমন এক এলাকা; যেখানে সম্প্রতি সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলার ঘটনা ব্যাপক বৃদ্ধি পেয়েছে। কোহলু পুলিশের প্রধান তৈয়ব ইকবাল বলেছেন, চামালাং কয়লাখনিতে কর্মরত ওই শ্রমিকরা দুটি মিনি-ট্রাকে করে সেখানে যাচ্ছিলেন। পথিমধ্যে বন্দুকধারীরা গাড়ি দুটির গতিরোধ করেন।

তিনি বলেন, ‘‘হামলাকারীরা দুই চালককে ছেড়ে দেন এবং শ্রমিকদের পাশের একটি পার্বত্য এলাকায় নিয়ে গিয়ে গুলি চালিয়ে হত্যা করেছেন।’’

এই হামলার ঘটনার পর ওই এলাকা পুরো ঘিরে ফেলা হয়েছে এবং হামলাকারীদের ধরতে পুলিশ তল্লাশি অভিযান শুরু করেছে বলে জানিয়েছেন তিনি।

এদিকে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি এই হামলার তীব্র নিন্দা জানিয়ে এটিকে ‘চরম বর্বরতা’ বলে অভিহিত করেছেন।

আফগানিস্তান ও ইরানের সীমান্তবর্তী খনিজসমৃদ্ধ প্রদেশ বেলুচিস্তান দীর্ঘদিন ধরে বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহে জর্জরিত। রোববারের এই হামলার দায় তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী স্বীকার করেনি।
তবে দেশটির অস্থিতিশীল এই প্রদেশে সাম্প্রতিক বহু হত্যাকাণ্ডের জন্য পাকিস্তানি কর্তৃপক্ষ বেলুচ লিবারেশন আর্মিকে দায়ী করে আসছে।
 

Walton
Walton