Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

অগ্রাহায়ণ ১৪ ১৪৩৩, সোমবার ৩০ নভেম্বর ২০২৬

নেতানিয়াহুর সঙ্গে ঐক্যের সরকার গঠনের সম্ভাবনা নাকচ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৩:১৪, ২৯ নভেম্বর ২০২৬

প্রিন্ট:

নেতানিয়াহুর সঙ্গে ঐক্যের সরকার গঠনের সম্ভাবনা নাকচ

নেতানিয়াহুর সঙ্গে ঐক্যের সরকার গঠনের সম্ভাবনা নাকচ

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে ঐক্যের সরকার গঠনের সম্ভাবনা নাকচ করে দিলেন দেশটির মধ্য-ডানপন্থী ‘ইয়াশার’ দলের নেতা গাদি আইজেনকট। জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স।

স্থানীয় সময় আজ রোববার (২৯ নভেম্বর) তেল আবিবে নেতানিয়াহুর সঙ্গে দুই ঘণ্টাব্যাপী বৈঠকের পর তাকে ছাড়াই সরকার গঠনের ইঙ্গিত দিয়েছেন গাদি। 

রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন, নেতানিয়াহুর সঙ্গে জোট বাঁধার পরিবর্তে বরং এই প্রবীণ প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করতে চাওয়া দলগুলোর সঙ্গে মিলে শাসক জোট গঠন করার সম্ভাবনাই বেশি সাবেক সেনাপ্রধান আইজেনকটের।

এদিন এই বৈঠক ছিল চলতি মাসে দুই নেতার মাঝে অনুষ্ঠিত দ্বিতীয় বৈঠক। যদিও প্রথম বৈঠকটিকে আইজেনকটের জন্য নিরাপত্তা ব্রিফিং হিসেবে বর্ণনা করা হয়েছিল। গত ২৭ অক্টোবরের অমীমাংসিত নির্বাচনের পর এসব বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওই নির্বাচনে তাদের কারোরই ক্ষমতায় যাওয়ার স্পষ্ট পথ তৈরি হয়নি।

বৈঠকের বিষয়ে বিস্তারিত না জানিয়ে নেতানিয়াহু ও আইজেনকট এক যৌথ বিবৃতিতে বলেছেন, আলোচনাটি ছিল আনুষ্ঠানিক এবং উভয় পক্ষই তাদের মধ্যকার উল্লেখযোগ্য মতপার্থক্য দূর করার চেষ্টা করেছে।

ইসরায়েলি টেলিভিশন চ্যানেল-১২ বলেছে, দেশটির এই দুই নেতার মাঝে ভবিষ্যতে আর কোনো বৈঠকের পরিকল্পনা নেই। দেশটির এই সংবাদমাধ্যম আইজেনকটের বরাত দিয়ে বলেছে, তিনি নেতানিয়াহুকে বলেছেন, ‘‘আমি জোটের শরিকদের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। সরকার গঠনের পর আপনি চাইলে যোগ দিতে পারেন।’’ আইজেনকটের একজন মুখপাত্র এই প্রতিবেদনের সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে, শনিবার নেতানিয়াহু বলেছিলেন, আইজেনকটের নেতৃত্বাধীন একটি ঐক্যের সরকারে তিনি সাময়িকভাবে ক্ষমতা ছেড়ে দিতে প্রস্তুত। ইসরায়েলের সবচেয়ে দীর্ঘমেয়াদী এই প্রধানমন্ত্রী তার নিজ দল লিকুদ পার্টি এবং আইজেনকটের ইয়াশার দলের মধ্যে যেকোনো চুক্তির আওতায় পর্যায়ক্রমিক ক্ষমতা ভাগাভাগির ব্যবস্থায় দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার প্রস্তাব দিয়েছিলেন।

নির্বাচনের পর ইসরায়েলের প্রেসিডেন্ট সরকার গঠনের চেষ্টা করার জন্য আইজেনকটকে দায়িত্ব দিয়েছেন। সরকার গঠনের জন্য আইজেনকটের হাতে আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত সময় রয়েছে। তবে প্রয়োজনে এই সময়সীমা আরও ১৪ দিন বাড়ানোর সুযোগ রয়েছে।

গত সপ্তাহে আইজেনকট বামপন্থী ডেমোক্র্যাটস এবং ডানপন্থী ইসরায়েল বেইতেনু দলের সঙ্গে জোটগত চুক্তি স্বাক্ষর করেন। এসব দলের সমর্থন তাকে ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে সংখ্যাগরিষ্ঠতার কাছাকাছি নিয়ে যেতে পারে।

আইজেনকট ও তার সম্ভাব্য শরিকরা নির্বাচনে মোট ৪৮টি আসন জিতেছে; যা ১২০ আসনের পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতার চেয়ে অনেক কম। অন্যদিকে নেতানিয়াহুর লিকুদ এবং এর অতি-ডানপন্থী ও অতি-রক্ষণশীল দলগুলোর জোট সম্মিলিতভাবে ৫৩টি আসন জিতেছে।

নেতানিয়াহু ও আইজেনকট যদি ঐক্যের সরকারের বিষয়ে একমত হতে না পারেন, তাহলে আইজেনকট অতি-রক্ষণশীল ইহুদি এবং আরব দলগুলোর সম্ভাব্য সমর্থন নিয়ে জোট সরকার গঠন করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

রোববার আইজেনকট-নেতানিয়াহুর বৈঠকের পর ডেমোক্র্যাটস দলের প্রধান ইয়াইর গোলান বলেছেন, ইসরায়েলের জনগণ আইজেনকটের পেছনে রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘‘এখন এমন একটি সরকার গঠনের সময় এসেছে যা প্রকৃত পরিবর্তন আনবে...।’’
 

Walton
Walton