ছবি : সংগৃহীত
দেশে ১৩টি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র ও এলএনজি পাওয়ার হাবের জন্য অধিগ্রহণকৃত অব্যবহৃত জমিতে ৫ হাজার ৪৬১ মেগাওয়াট সৌরবিদ্যুৎ স্থাপন সম্ভব। এসব স্থাপনায় মোট ১৪ হাজার ১৬৬ একর অব্যবহৃত জমি রয়েছে, যার মধ্যে ১২ হাজার ৩৯ একর জমি সৌরবিদ্যুৎ স্থাপনের উপযোগী।
রবিবার (২৯ নভেম্বর) বাংলাদেশ জ্বালানি সম্মেলনে উপস্থাপিত এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। ঢাকায় সামরিক জাদুঘরে তিনদিনব্যাপী এই জ্বালানি সম্মেলন চলছে।
গবেষণা অনুযায়ী, এই সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়িত হলে ২০ বছরে প্রায় ৩ লাখ ১৫ হাজার ৫১৯ কোটি টাকা (২৫.২৭ বিলিয়ন মার্কিন ডলার) এলএনজি আমদানি ব্যয় সাশ্রয় করা সম্ভব। একই সময়ে সমপরিমাণ কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের তুলনায় প্রায় ১৫ কোটি ৪৮ লাখ টন কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ এড়ানো যাবে বলে সম্মেলনে বক্তব্য উপথাপন করেন উপকূলীয় জীবনযাত্রা ও পরিবেশ কর্মজোট (ক্লিন) এর গবেষণা কর্মকর্তা।
সম্মেলনে, মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ (মিডা) আইন, ২০২৬-এর সাংবিধানিক ও পরিবেশগত প্রভাব এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে পরিবেশগত সুরক্ষা, স্থানীয় জনগণের অংশগ্রহণ এবং জবাবদিহি নিশ্চিত করার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। গত আগষ্টে দায়ের করা এক রিট পিটিশনে আইনের নয়টি ধারা চ্যালেঞ্জ করা হয় এবং নির্বাহী ক্ষমতার কেন্দ্রীকরণ, পরিবেশগত ছাড়পত্র ও জনপরামর্শের ঘাটতি এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কর্তৃত্ব ক্ষুন্ন হওয়ার আশঙ্কা রয়েছে বলে উচ্চ আদালতে আপিল জানানো হয়।
এই মর্মে, গত ২৫ আগস্ট ২০২৬ তারিখে হাইকোর্ট বিভাগ রুল জারি করে। উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর ভূমি, জীবিকা, পরিবেশ ও সাংবিধানিক অধিকার সুরক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। মিডা আইন ও মহেশখালীতে জীবাশ্ম জ্বালানিভিত্তিক প্রকল্পের হালনাগাদ তথ্য, গবেষণা ও আইনি বিশ্লেষণ নিয়ে বাংলাদেশের প্রতিবেশ ও উন্নয়ন কর্মজোট (বিডব্লিউজিইডি) অধীনস্থ ওয়েবসাইটটি কাজ করবে।
এলএনজি আমদানি করতে গিয়ে প্রতি বছর বিপুল আর্থিক চাপ তৈরি হচ্ছে সরকারের। চলতি বছরের মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত মাত্র ৬ মাসে এ খাতে ভর্তুকি দিতে হয়েছে ৩৪ হাজার কোটি টাকা। এ অবস্থায় নতুন এলএনজি টার্মিনাল নির্মাণ না করে নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণে সরকারের মনযোগ বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
সম্মেলনে উপস্থাপিত বাংলাদেশে বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংকের জীবাশ্ম জ্বালানি অর্থায়ন ভিত্তিক গবেষণা মতে, ২০০০ থেকে ২০২৬ সাল পর্যন্ত এশীয় উন্নয়ন ব্যাংক, এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক এবং বিশ্বব্যাংক গ্রুপ বাংলাদেশে জ্বালানি খাতে মোট ১৫.২৪৫ বিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন করেছে।
এর মধ্যে ৬,৪৮৫ মেগাওয়াট গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার জন্য ৩.৯০৯ বিলিয়ন ডলার অর্থায়ন চিহ্নিত করা হয়েছে। গবেষণার প্রাক্কলন অনুযায়ী, এসব বিদ্যুৎকেন্দ্রের সম্ভাব্য মেয়াদকালীন গ্রিনহাউস গ্যাস নিঃসরণ ১৯০.৪১ থেকে ৪০৪.৬১ মিলিয়ন টন ঈঙ₂ব এবং এর সামাজিক কার্বন ব্যয় ৯.১৯ থেকে ১৯.৫৩ বিলিয়ন ডলার হতে পারে। অর্থাৎ, জীবাশ্ম জ্বালানিতে অর্থায়নের তুলনায় এর দীর্ঘমেয়াদি সামাজিক ও জলবায়ুগত ক্ষতির আর্থিক মূল্য অনেক বেশি।
সম্মেলনে, নবায়নযোগ্য জ্বালানির প্রসারে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে কার্যকর অংশীদার হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশনের সরকারি ভবন, বাজার, হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপন, নেট মিটারিং, আর্থিক প্রণোদনা এবং সরকারি-বেসরকারি অংশীদারত্বের মাধ্যমে স্থানীয় পর্যায়ে নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণের সুযোগ তুলে ধরা হয়। পাশাপাশি কৃষক সমবায়ের মাধ্যমে কমিউনিটি মালিকানাধীন সৌরবিদ্যুৎ ব্যবস্থা গড়ে তোলা এবং স্থানীয় পর্যায়ে দক্ষ জনবল ও কর্মসংস্থান সৃষ্টির সুপারিশ করা হয়।
প্রতিবারের ন্যায়, রাজধানীর বাংলাদেশ মিলিটারি মিউজিয়ামে তিন দিনব্যাপী চতুর্থ বাংলাদেশ জ্বালানি সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এ বছর ‘জ্বালানি নিরাপত্তায় নবায়নযোগ্য জ্বালানির কোনো বিকল্প নেই’ প্রতিপাদ্যে ২৮ থেকে ৩০ নভেম্বর এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
তিন দিনের এ সম্মেলনে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের সাড়ে তিন শতাধিক অংশীজন অংশ নিচ্ছেন। নীতিনির্ধারক, সরকারি ও নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধি, আর্থিক প্রতিষ্ঠান, বিনিয়োগকারী, নবায়নযোগ্য জ্বালানি উদ্যোক্তা, গবেষক, শিক্ষাবিদ, গণমাধ্যমকর্মী, নাগরিক সমাজ ও তরুণ প্রতিনিধিরা এতে অংশ নিচ্ছেন।
সম্মেলনে মোট ১৩টি বিষয়ভিত্তিক অধিবেশনে জ্বালানি নীতি ও প্রাতিষ্ঠানিক সংস্কার, এলএনজি ও কয়লাভিত্তিক জ্বালানি সম্প্রসারণের ঝুঁকি, জ্বালানি রূপান্তরে অর্থায়ন, আঞ্চলিক সহযোগিতা, শিল্প খাতের কার্বন নিঃসরণ হ্রাস, বহুপক্ষীয় উন্নয়ন ব্যাংকের ভূমিকা এবং নবায়নযোগ্য জ্বালানি প্রসারে স্থানীয় সরকারের ভূমিকা নিয়ে আলোচনা রয়েছে। পাশাপাশি জ্বালানি ন্যায়বিচারে গণমাধ্যমের ভূমিকা, তরুণদের কর্মসংস্থান এবং শ্রমিক, আদিবাসী ও নারীদের অংশগ্রহণ নিয়েও আলোচনা রয়েছে।
২০২৩ সালের এপ্রিল মাসে প্রথম বাংলাদেশ জ্বালানি সম্মেলন অনুষ্ঠিত হয়। এর ধারাবাহিকতায় দ্বিতীয় ও তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত হয় ২০২৪ ও ২০২৫ সালে। বিডব্লিউজিইডির উদ্যোগে দেশের ১৪টি সংগঠনের সহযোগিতায় এবারের সম্মেলন আয়োজন করা হয়েছে। সম্মেলনের আলোচনার ভিত্তিতে সমাপনী দিনে একটি ঘোষণাপত্র প্রকাশের পরিকল্পনা রয়েছে।




