ফাইল ছবি
জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে শিল্পাঞ্চলের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিক ও কর্মচারীদের জন্য ১০ ফেব্রুয়ারির ছুটির বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছে সরকার। ভোটের কারণে ১০ ফেব্রুয়ারি শিল্পাঞ্চলের ছুটি পরবর্তীতে সাপ্তাহিক ছুটির দিন বদল করা যাবে।রোববার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এতে বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে পূর্বঘোষিত ছুটি বহাল থাকবে। এর মধ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশব্যাপী নির্বাহী আদেশে সরকারি ছুটি এবং শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য ১০ ফেব্রুয়ারি বিশেষ ছুটি অপরিবর্তিত থাকবে।
তবে শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের বিশেষ ছুটি ভোগের ক্ষেত্রে সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ চাইলে ১০ ফেব্রুয়ারির পর সুবিধাজনক যে কোনো একটি সাপ্তাহিক ছুটির দিনকে ‘কর্মদিবস’ হিসেবে ঘোষণা করতে পারবে।
রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সহকারী সচিব এ.বি.এম. আবু বকর ছিদ্দিক এই প্রজ্ঞাপন জারি করেন।




