ফাইল ছবি
কলকাতা পৌরসভা মেয়র পদ থেকে পদত্যাগ করেছেন ফিরহাদ হাকিম। শুক্রবার কলকাতা পৌরসভায় আয়োজিত এক সাংবাদিক বৈঠকে তিনি আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত ঘোষণা করেন।পরে তিনি পৌরসভার চেয়ারম্যান মালা রায়ের কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন।
২০১৮ সালের ৩ ডিসেম্বর কলকাতার মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন ফিরহাদ হাকিম। সেই হিসেবে প্রায় সাড়ে সাত বছর তিনি এই পদে দায়িত্ব পালন করেন। দীর্ঘ এই সময় শেষে তিনি মেয়র পদ ছাড়ার সিদ্ধান্ত নিলেন।
সাংবাদিক বৈঠকে নিজের সিদ্ধান্তের ব্যাখ্যা দিতে গিয়ে ফিরহাদ হাকিম বলেন, তিনি এতদিন দাপটের সঙ্গে কাজ করেছেন এবং মানুষের সমস্যার সমাধানে সর্বোচ্চ চেষ্টা করেছেন। তবে বর্তমান পরিস্থিতিতে সেই কাজ আর আগের মতোভাবে করা সম্ভব হচ্ছে না বলে তিনি মনে করেন।
তিনি আরো বলেন, 'চেয়ারের সম্মানহানি করতে পারি না। চেয়ার ধরে বসে থাকলাম অথচ ঢাল নেই, তলোয়ার নেই নিধিরাম সর্দার।তাই আমি আজ ইস্তফা দিচ্ছি।'
মেয়র পদ ছাড়ার বিষয়ে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ফিরহাদ। তিনি জানান, সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি দলের অনুমতি চেয়েছিলেন এবং তা পেয়েছেন। তার ভাষায়, মমতা বন্দ্যোপাধ্যায় সম্মতি দিয়েছেন বলেই তিনি পদত্যাগ করছেন।
পদত্যাগের পর ফিরহাদ হাকিম বলেন, কলকাতার পরবর্তী প্রশাসন যেন স্বচ্ছভাবে কাজ করে এবং মানুষের প্রত্যাশা পূরণ করে- এটাই তাঁর বার্তা।
তিনি মেয়র হিসেবে তার কিছু অসমাপ্ত কাজের কথাও উল্লেখ করেন। তাঁর আশা, সেই কাজগুলো ভবিষ্যতে সম্পূর্ণ হবে। পাশাপাশি তিনি স্মরণ করেন কোভিড-১৯ পরিস্থিতির সময় পৌরসভাকে যে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছিল।
ফিরহাদ হাকিম দীর্ঘদিন কলকাতা পৌরসভার ৮২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। ২০০০, ২০০৫ এবং ২০১০ সালে তিনি ওই ওয়ার্ড থেকেই নির্বাচিত হন। ২০১৫ সালে তিনি পুরভোটে প্রতিদ্বন্দ্বিতা করেননি। পরবর্তীতে ২০১৮ সালে শোভন চট্টোপাধ্যায়ের পর তিনি কলকাতার মেয়র হন এবং উপনির্বাচনে ৮২ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়ে ফিরে আসেন। ২০২১ সালেও তিনি একই ওয়ার্ড থেকে পুনর্নির্বাচিত হন।
মেয়র হিসেবে মেয়াদ শেষ হওয়ার কয়েক মাস আগেই তার এই পদত্যাগকে ঘিরে কলকাতা পৌরসভায় বড় রাজনৈতিক পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। স্থানীয় রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, এর ফলে কলকাতা পৌরসভার প্রশাসনিক কাঠামোয় নতুন অধ্যায় শুরু হলো।
এর আগে রাজ্যের অন্যান্য পৌরসংস্থাতেও মেয়র পদে পরিবর্তন হয়েছে। বিধাননগর পুরনিগমের মেয়র কৃষ্ণা চক্রবর্তী এবং চন্দননগর পুরনিগমের মেয়র রাম চক্রবর্তী সম্প্রতি পদত্যাগ করেছেন। সেই ধারাবাহিকতায় এবার কলকাতার মেয়র পদেও পরিবর্তন ঘটল।




