Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

শ্রাবণ ৮ ১৪৩৩, শুক্রবার ২৪ জুলাই ২০২৬

বিক্ষোভের মধ্যেই ভারতে অনুপ্রবেশের চেষ্টা : মার্কিন নাগরিকসহ গ্রেপ্তার ৫

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:১৮, ২৪ জুলাই ২০২৬

আপডেট: ১৯:১৯, ২৪ জুলাই ২০২৬

প্রিন্ট:

বিক্ষোভের মধ্যেই ভারতে অনুপ্রবেশের চেষ্টা : মার্কিন নাগরিকসহ গ্রেপ্তার ৫

ছবি: সংগৃহীত

ভারতের উত্তর প্রদেশের নেপাল সীমান্তে অনুপ্রবেশের একটি চেষ্টা নস্যাৎ করে দিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। এ সময় খালিস্তানপন্থী সংগঠন ‘ওয়ারিস পাঞ্জাব দে’-এর এক পলাতক সদস্য এবং সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট এক মার্কিন নাগরিকসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

উত্তর প্রদেশ পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার হওয়া দুজন হলেন বিক্রমজিৎ সিং, ম্যানভির সিং ধিল্লন। বিক্রমজিৎ ২০২৩ সালে পাঞ্জাবের একটি পুলিশ স্টেশনে হামলার মামলায় অভিযুক্ত ও পলাতক।

অন্যদিকে ম্যানভির সিং ধিল্লন যুক্তরাষ্ট্রের নাগরিক হলেও ভারতের পাঞ্জাবের মোগা জেলার বাসিন্দা।স্থানীয় পুলিশ জানায়, নেপালের রূপাইদিহা সীমান্ত চৌকি অতিক্রম করে ভারতের ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করার সময় তাদের আটক করা হয়।

এ ঘটনায় আরও তিন ভারতীয় নাগরিক, রূপাইদিহা শহরের বাসিন্দা সুরেশ কুমার পাঠক, দিলীপ উপাধ্যায় এবং গাড়িচালক রাহুল কুমারকে গ্রেপ্তার করা হয়েছে। উত্তর প্রদেশ পুলিশ ও সশস্ত্র সীমা বলের (এসএসবি) যৌথ অভিযানে তাদের আটক করা হয়।অভিযুক্তরা এমন সময়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন যখন দেশটিতে ককরোচ জনতা পার্টির নেতৃত্বে দিল্লিসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ চলছে।

বাহরাইচ জেলার পুলিশ সুপার বিশ্বজিৎ শ্রীবাস্তব বলেন, মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে দুজন বৈধ ভ্রমণ নথি ছাড়া সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন।পুলিশ সুপার জানান, পৃথক দুটি মামলায় বিক্রমজিৎ সিং ও ম্যানভির সিং ধিল্লনকে খুঁজছিল পাঞ্জাব পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, বিক্রমজিৎ সিং কয়েক দিন ধরে পলাতক ছিলেন।
অন্যদিকে ম্যানভির সিং ধিল্লন আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে ভিসা ছাড়াই নেপাল হয়ে ভারতে প্রবেশের চেষ্টা করেছিলেন।

পরিচয় যাচাই ও জিজ্ঞাসাবাদের সময় তাদের পরিচয় এবং ‘ওয়ারিস পাঞ্জাব দে’ সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়টি সামনে আসে। পরে রূপাইদিহা থানায় তাদের বিরুদ্ধে প্রাসঙ্গিক ধারায় মামলা দায়ের করে গ্রেপ্তার দেখানো হয়।

এই ঘটনার কয়েক দিন আগেই উত্তর প্রদেশের মহারাজগঞ্জ জেলায় বৈধ ভ্রমণ নথি ছাড়া নেপালে যাওয়ার চেষ্টা করার সময় নিজেকে যুক্তরাষ্ট্রের নাগরিক পরিচয় দেয়া ৩৬ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল এসএসবি।

তিনি নিজের নাম জর্ডান ব্রাউন বলে দাবি করেন এবং যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাসিন্দা বলে পরিচয় দেন। বিষয়টি তদন্ত করে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Walton
Walton