ছবি: সংগৃহীত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসের ধাক্কায় প্রাইভেটকারে থাকা একই পরিবারের চারজনসহ পাঁচজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন, তাঁর অবস্থাও আশঙ্কাজনক। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে কুমিল্লার কালাকচুয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে চারজন খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমেদের বোনের পরিবারের সদস্য। তারা হলেন– মাওলানা ফয়সাল আহমেদের বোন ঝর্না বেগম (৪০), ভগ্নিপতি আ. মমিন (৫০), ভাগনি লাবিবা (১৮) এবং ভাগনে সাইফ (৭)। তারা সবাই নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার চাতারপাইয়া এলাকার বাসিন্দা। নিহত অপরজন গাড়ির চালক জামাল হোসেন। তিনি বরিশালের বাসিন্দা।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল একটি প্রাইভেটকার। মহাসড়কের কালাকচুয়ায় চট্টগ্রামগামী স্টারলাইন বাস প্রাইভেকারটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। চালক জামাল হোসেন এবং ভাগনে আবরারকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চালক জামালকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আবরার বর্তমানে চিকিৎসাধীন। তাঁর অবস্থাও সংকটাপন্ন।
ময়নামতি হাইওয়ে থানার ওসি আ. মমিন সমকালকে জানান, প্রাইভেটকারে চালকসহ ছয়জন ছিলেন। পাঁচজনই মারা গেছেন। ঘটনার পর বাস ফেলে পালিয়ে গেছেন চালক। বাসটি আটক করা হয়েছে। লাশগুলো আইনি প্রক্রিয়ায় স্বজনের কাছে হস্তান্তর করা হবে।




