Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১১ ১৪৩২, বৃহস্পতিবার ২৬ মার্চ ২০২৬

শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটি নিয়ে জরুরি নির্দেশনা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:৫৯, ২৬ মার্চ ২০২৬

প্রিন্ট:

শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটি নিয়ে জরুরি নির্দেশনা

ফাইল ছবি

দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর (স্কুল-কলেজ) অ্যাডহক কমিটি গঠন নিয়ে নতুন ও জরুরি নির্দেশনা জারি করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে অ্যাডহক কমিটির সভাপতি হতে হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে ন্যূনতম স্নাতক (পাস) বা সমমান শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন হতে হবে।

সম্প্রতি ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দকার এহসানুল কবিরের সই করা বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। এতে শিক্ষা মন্ত্রণালয়ের গত ১৬ মার্চের পরিপত্র কঠোরভাবে অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে।শিক্ষা মন্ত্রণালয়ের প্রবিধানমালা-২০২৪ (৩১ আগস্ট ২০২৫-এর সংশোধনীসহ) অনুযায়ী, অ্যাডহক কমিটির সভাপতি মনোনয়নের ক্ষেত্রে একটি নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করতে হবে:

০১. প্রতিষ্ঠানের প্রধানকে অ্যাডহক কমিটির সভাপতি মনোনয়নের জন্য তিনজনের জীবনবৃত্তান্তসহ নাম প্রস্তাব করতে হবে।

০২. মহানগরের ক্ষেত্রে বিভাগীয় কমিশনার এবং জেলা বা উপজেলার ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বা জেলা প্রশাসকের (ডিসি) মাধ্যমে এই প্রস্তাব পাঠাতে হবে।

০৩. সরকারি, আধা-সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত বা অবসরপ্রাপ্ত প্রথম শ্রেণির কর্মকর্তা, অবসরপ্রাপ্ত শিক্ষাবিদ, স্থানীয় শিক্ষানুরাগী বা খ্যাতিমান সমাজসেবক এবং প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতাদের মধ্য থেকে নাম প্রস্তাব করা যাবে।

০৪. প্রস্তাবিত তিনজনের মধ্য থেকে শিক্ষা বোর্ড একজনকে সভাপতি হিসেবে মনোনীত করবে।

এতে আরও বলা হয়েছে, বিশেষ প্রয়োজনে কোনো ব্যক্তির শিক্ষা প্রসারে অনন্য অবদান বা বিশেষ যোগ্যতা থাকলে মন্ত্রণালয় তার বিষয়ে ভিন্ন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখে। তবে সাধারণ ক্ষেত্রে স্নাতক ডিগ্রির বাধ্যবাধকতা বহাল থাকবে।

শিক্ষা বোর্ড জানিয়েছে, মাঠ পর্যায়ে স্বচ্ছতা নিশ্চিত করতে এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতেই এ নতুন নীতিমালা কার্যকর করা হচ্ছে। এ নির্দেশনা অবিলম্বে প্রতিপালন করতে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে অনুরোধ জানানো হয়েছে।

 

Walton
Walton