ফাইল ছবি
মেট্রোপ্রেমী ও নৈশযাত্রীদের জন্য সুখবর। যাত্রীদের যাতায়াতের সুবিধা ও চাহিদার কথা বিবেচনা করে রাতে উভয় দিকে মেট্রোরেল চলাচলের সময় আরও ২০ মিনিট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। রোববার থেকে নতুন এই সময়সূচি কার্যকর হবে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে রাতে মতিঝিল থেকে উত্তরার উদ্দেশে সবশেষ ট্রেনটি ছেড়ে যাবে রাত সাড়ে ১০টায়, যা বর্তমানে রাত ১০টা ১০ মিনিটে ছাড়ে। অন্যদিকে, উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশে শেষ ট্রেনটি ছাড়বে রাত ৯টা ৫০ মিনিটে, যা এখন রাত সাড়ে ৯টায় ছেড়ে আসে।
ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্র জানায়, বর্ধিত এই সময়ে প্রাথমিকভাবে উভয় দিক থেকে একটি করে বাড়তি ট্রিপ দেয়া হবে। এই সময়সূচি চূড়ান্ত করার আগে গত এক মাস ধরে মাঠপর্যায়ে নিবিড় পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।
ডিএমটিসিএল-এর একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, শুরুতে মতিঝিল থেকে রাত ১১টা এবং উত্তরা থেকে রাত ১০টার পর পর্যন্ত ট্রেন চালানোর একটি বড় পরিকল্পনা ছিল। তবে এক লাফে অনেক বেশি সময় বাড়ালে পর্যাপ্ত যাত্রী পাওয়া যাবে কি না, তা নিয়ে কিছুটা সংশয় ছিল। তাই আপাতত ২০ মিনিট করে সময় বাড়িয়ে যাত্রীদের সাড়া দেখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরে প্রয়োজন অনুযায়ী সময় আরও বাড়ানো হতে পারে।
এর আগে গত বছরের অক্টোবরেও মেট্রোরেল চলাচলের সময়সীমা এক ঘণ্টা বাড়ানো হয়েছিল। তখন সকালে আধা ঘণ্টা আগে ট্রেন চলাচল শুরু হয় এবং রাতেও আধা ঘণ্টা সময় বাড়ানো হয়েছিল।
প্রসঙ্গত, ২০২২ সালের ২৮ ডিসেম্বর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত অংশ চালুর মাধ্যমে ঢাকায় প্রথম মেট্রোরেলের যাত্রা শুরু হয়। এরপর পর্যায়ক্রমে ২০২৩ সালের শেষ দিনে মতিঝিল পর্যন্ত সব কটি স্টেশনে পুরোদমে যাত্রী ওঠানামা শুরু হয়। বর্তমানে প্রতিদিন গড়ে সাড়ে চার লাখ যাত্রী যানজটহীন পরিবেশ ও স্বাচ্ছন্দ্যে মেট্রোরেলে যাতায়াত করছেন।




