ফাইল ছবি
অভিনেতা জাহের আলভী, তার মা ও অভিনেত্রী ইফফাত আরা তিথিকে আসামি করে আত্মহত্যার প্ররোচনার মামলা দায়ের করা হয়েছে। রাজধানীর পল্লবী থানায় এ মামলা দায়ের করা হয়।শেখ তানভীর আহমেদ বাদী হয়ে মামলাটি করেন। এ মামলায় প্রধান আসামি অভিনেতা জাহের আলভী।
দাম্পত্য কলহ ও পরকীয়ার জেরে গত ২৮ ফেব্রুয়ারি অভিনেতা আলভীর স্ত্রী ইভনাথ খান ইকরা আত্মহত্যা করেন। এ আত্মহত্যার জন্য ইকরার স্বামী ও অভিনেতা আলভীকে দোষী মনে করেন ইকরার মামা শেখ তানভীর আহমেদ।
এ ঘটনায় ইকরার পরিবারের দাবি, আত্মহত্যার আগে মানসিকভাবে ভেঙে পড়েন ইকরা। তাকে আত্মহত্যার পথে ঠেলে দেন তার বিশ্বাসভঙ্গকারী স্বামী আলভী।
ইকরার পরিবারের আরও দাবি, একমাত্র মেয়ের আত্মহত্যার পেছনে দায়ী তার শাশুড়ি ও স্বামী আলভীর পরকীয়ার সঙ্গী অভিনেত্রী তিথি। অভিযুক্ত আসামিদের সুষ্ঠু বিচারের দাবি জানায় পরিবারটি।
এদিকে আলভীর বিবাহবহির্ভূত সম্পর্ক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বামী-স্ত্রীর পাল্টাপাল্টি রহস্যময় ফেসবুক পোস্ট নিয়ে জোর আলোচনা চলছে নেটদুনিয়ায়।
শনিবার দুপুর পৌনে ১২টায় গলায় দড়ি দেয়া অবস্থায় পরিবারের সদস্যরা ইকরাকে উদ্ধার করে। এরপর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়।
ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে বাসার সিসি ক্যামেরার ফুটেজসহ অন্যান্য আলামত সংগ্রহ করা হচ্ছে। এই আত্মহত্যার পেছনের প্রকৃত রহস্য এবং প্ররোচনার বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।




