Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

কার্তিক ২৭ ১৪৩৩, শুক্রবার ১৩ নভেম্বর ২০২৬

পাবনা-ঢাকা নতুন ট্রেনের টিকিট বিক্রি শুরু

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:২৪, ১২ নভেম্বর ২০২৬

প্রিন্ট:

পাবনা-ঢাকা নতুন ট্রেনের টিকিট বিক্রি শুরু

ছবি সংগৃহীত

পাবনা থেকে ঢাকায় ট্রেনে যাতায়াতের অপেক্ষার অবসান হতে যাচ্ছে। নতুন দুই আন্তঃনগর ট্রেন—পাবনা প্রভাতী এক্সপ্রেস ও পাবনা গোধূলি এক্সপ্রেসের টিকিট বিক্রি শুরু হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টা থেকে অনলাইনে টিকিট সংগ্রহ করতে পারছেন যাত্রীরা।

প্রথম দফায় ২০, ২১ ও ২২ নভেম্বরের যাত্রার টিকিট বিক্রি করা হচ্ছে। রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী বুধবার (১১ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

পাবনা থেকে ঢাকার একমুখী যাত্রায় মূল টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৪২৫ টাকা। অনলাইন টিকিট বিক্রির দায়িত্বে থাকা সহজের ২০ টাকা সার্ভিস চার্জ যুক্ত হলে যাত্রীকে মোট গুনতে হবে ৪৪৫ টাকা।

রেলওয়ের পরিকল্পনা অনুযায়ী, আগামী ১৯ নভেম্বর নতুন এই রেলসেবার উদ্বোধন হবে। ওই দিন বিকেল সাড়ে ৪টায় পাবনা থেকে ‘পাবনা উদ্বোধনী এক্সপ্রেস’ নামে একটি বিশেষ ট্রেন ঢাকার উদ্দেশে যাত্রা করবে।

উদ্বোধনী ও বিশেষ যাত্রার টিকিট অনলাইনে নয়, সংগ্রহ করতে হবে পাবনা ও ঈশ্বরদী রেলওয়ে স্টেশনের কম্পিউটারাইজড কাউন্টার থেকে। উদ্বোধনী যাত্রায় পাবনা ও ঢাকার মাঝপথে শুধু ঈশ্বরদী স্টেশনে থামবে ট্রেনটি।

নিয়মিত বাণিজ্যিক চলাচল শুরু হবে ২০ নভেম্বর থেকে। সেদিন ঢাকা থেকে পাবনার উদ্দেশে বিকেল ৩টা ২৫ মিনিটে ছাড়বে পাবনা গোধূলি এক্সপ্রেস। আর পাবনা থেকে ঢাকামুখী পাবনা প্রভাতী এক্সপ্রেস যাত্রা শুরু করবে সকাল ৮টায়।

নিয়মিত চলাচলের সময় দুই ট্রেনের যাত্রাপথে আটটি মধ্যবর্তী স্টেশনে বিরতি থাকবে। স্টেশনগুলো হলো ঈশ্বরদী, চাটমোহর, বড়ালব্রিজ, উল্লাপাড়া, শহীদ এম মনসুর আলী, টাঙ্গাইল, জয়দেবপুর ও ঢাকা বিমানবন্দর।

প্রতিটি যাত্রার টিকিট সাধারণ নিয়মে যাত্রার ১০ দিন আগে অনলাইনে পাওয়া যাবে বলে রেলওয়ের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। নতুন এই রেলসংযোগ চালু হলে পাবনা ও ঢাকার মধ্যে যাতায়াতের ক্ষেত্রে যাত্রীদের জন্য যুক্ত হবে আরও একটি আন্তঃনগর পরিবহন সুবিধা।

Walton
Walton