Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

অগ্রাহায়ণ ১৩ ১৪৩৩, শনিবার ২৮ নভেম্বর ২০২৬

অপেক্ষা আর শেষ হলো না: না ফেরার দেশে তূর্য

প্রকাশিত: ১২:৪২, ২৮ নভেম্বর ২০২৬

আপডেট: ১২:৫০, ২৮ নভেম্বর ২০২৬

প্রিন্ট:

অপেক্ষা আর শেষ হলো না: না ফেরার দেশে তূর্য

অপেক্ষা আর শেষ হলো না বিশেষ চাহিদাসম্পন্ন তূর্যের

চিকিৎসা ও পরিচর্যার অনিশ্চয়তার মধ্যেই শেষ পর্যন্ত পৃথিবী থেকে বিদায় নিল বিশেষ চাহিদাসম্পন্ন শিশু নিস্বর্গ হোসেন তূর্য। গতকাল শুক্রবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।

পারিবারিক সূত্র জানায়, মৃত্যুর আগে মায়ের সঙ্গে একবার দেখা করার প্রবল ইচ্ছা ছিল তূর্যের। কিন্তু বারবার আবেদনের পরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি মেলেনি বলে অভিযোগ করেছেন তার পরিবার ও স্বজনরা।

এদিকে, তূর্যের মা শারমিন সুলতানাকে প্যারোলে মুক্তি দেওয়ার জন্য আবেদন করার পরও অনুমতি মেলেনি। সিদ্ধান্ত না পাওয়ায় তূর্যর মরদেহ কাশিমপুর কারাগারের সামনে নেয়া হচ্ছে।

এদিকে, এ পরিস্থিতিতে প্যারালে মুক্তি না দেয়ার বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ জানিয়েছেন অনেকে।

স্বজনরা জানিয়েছেন, মায়ের সাথে শেষ দেখার পর বিকেল ৪টায় আজিমপুর ছাপড়া মসজিদে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে তূর্যকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।

এর আগে গত ৬ অক্টোবর কারাগারে মায়ের অনুপস্থিতিতে অসুস্থ ও বিশেষ চাহিদাসম্পন্ন তূর্যের চিকিৎসা, ওষুধপত্রের সংকট এবং অসমাপ্ত আরেকটি অস্ত্রোপচার নিয়ে পরিবারের উদ্বেগের বিষয়টি উঠে আসে গণমাধ্যমে।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, গত ৩ অক্টোবর গভীর রাতে রাজধানীর লালবাগের শেখ সাহেব বাজার এলাকা থেকে শারমিন সুলতানাকে আটক করে পুলিশ। পরে সন্ত্রাসবিরোধী আইনের একটি পুরোনো মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এদিকে, আটকের আগে কয়েক দিন ধরে ‘মব’ ও হয়রানির শিকার হওয়ার অভিযোগ করেছিলেন শারমিন সুলতানা ও তার আইনজীবী।

গ্রেপ্তারের সময় অসুস্থ ও বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের দেখভালের বিষয়টি তুলে ধরে শারমিন সুলতানার আকুতি এবং শেষ পর্যন্ত মায়ের সান্নিধ্য ছাড়াই তূর্যের মৃত্যুর ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি করেছে।
 

Walton
Walton