ছবি: সংগৃহীত
পোশাকশিল্পে অস্তিরতার কারণে বাংলাদেশ থেকে ক্রয়াদেশ সরিয়ে নিচ্ছে বৈশ্বিক ক্রেতারা। সংশ্লিষ্টরা জানিয়েছেন, শ্রমিক অসন্তোষের কারণে উৎপাদন ব্যাহত হওয়ায় ব্যয় বৃদ্ধির ফলে চলতি নভেম্বরের প্রথমার্ধে বিশ্বের শীর্ষস্থানীয় ফ্যাশন রিটেইলাররা বাংলাদেশ থেকে তাদের মাসিক ক্রয়াদেশের প্রায় এক-দশমাংশ এশিয়ার অন্যান্য উৎপাদন কেন্দ্রে সরিয়ে নিয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গত ১ থেকে ১৮ নভেম্বরের মধ্যে আন্তর্জাতিক ব্র্যান্ডগুলো বাংলাদেশ থেকে প্রায় ২৫ কোটি ৪০ লাখ ডলার মূল্যের ক্রয়াদেশ সরিয়ে নিয়েছে, যার বেশির ভাগই চলে গেছে প্রতিবেশী দেশ ভারতে।
দেশের অর্থনীতির অন্যতম প্রধান স্তম্ভ তৈরি পোশাক খাতের জন্য এই ক্রয়াদেশ স্থানান্তর একটি বড় আঘাত হিসেবে দেখা হচ্ছে, যা বর্তমান অস্থিরতা থামার পরও দীর্ঘমেয়াদে প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
শিল্পোদ্যোক্তারা জানিয়েছেন, মজুরি বৃদ্ধি, জ্বালানি সংকট এবং রাজনৈতিক অনিশ্চয়তা বাংলাদেশের স্বল্প ব্যয়ে উৎপাদনের সুবিধা—যা দেশটিকে চীনের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারকে পরিণত করেছিল—তা দুর্বল করে দিয়েছে এবং বিশ্বখ্যাত ব্র্যান্ডগুলোকে বিকল্প উৎস খুঁজতে উৎসাহিত করেছে।
বিজিএমইএ-এর তথ্যমতে, চলমান শ্রমিক বিক্ষোভের কারণে এই খাতে এখন পর্যন্ত ৪০ কোটি ডলারেরও বেশি উৎপাদন ক্ষতি হয়েছে। উল্লেখ্য, বাংলাদেশের মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশেরও বেশি এবং উৎপাদন খাতের প্রায় ৪০ শতাংশ কর্মসংস্থান এই শিল্পের ওপর নির্ভরশীল।
শিল্পসংশ্লিষ্টরা জানিয়েছেন, সরিয়ে নেওয়া ক্রয়াদেশের সবচেয়ে বড় সুবিধাভোগী হয়েছে ভারত। পাশাপাশি সরবরাহ শৃঙ্খলের ঝুঁকি কমাতে এবং নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ নিশ্চিত করতে ক্রেতারা ভিয়েতনাম, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়ার দিকেও ঝুঁকছেন।




