ছবি সংগৃহীত
ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মিরপুরে বিক্ষোভে নেমেছেন পোশাক শ্রমিকরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে মিরপুর-১ থেকে মিছিল নিয়ে মিরপুর-১০ অভিমুখে যাওয়ার পথে সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশের সঙ্গে উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে কয়েকশ শ্রমিক লাঠি হাতে মিরপুর-১ নম্বর এলাকায় জড়ো হন। সেখান থেকে মিছিল নিয়ে মিরপুর-১০ নম্বরের দিকে অগ্রসর হন তাঁরা। পরে সড়কে ব্যারিকেড দেওয়ার চেষ্টা করলে মিরপুর মডেল থানার সামনে তাঁদের পথ আটকে দেয় পুলিশ।
পুলিশের পক্ষ থেকে শ্রমিকদের হাতে থাকা লাঠি ফেলে দিয়ে শান্তিপূর্ণভাবে সরে যাওয়ার অনুরোধ জানানো হয়। কিন্তু শ্রমিকরা পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছোড়া হলে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে আশপাশের বিভিন্ন অলিগলিতে আশ্রয় নেন।
এরপর যান চলাচল স্বাভাবিক রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন গলিতে অবস্থান নেন পুলিশ সদস্যরা। সড়কে অস্থিরতা সৃষ্টির চেষ্টার অভিযোগে কয়েকজনকে আটক করে মিরপুর মডেল থানায় নেওয়া হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জাহিদুল ইসলাম জানান, সকাল ৯টার দিকে কয়েকশ পোশাক শ্রমিক লাঠি হাতে মিরপুর-১ থেকে মিরপুর-১০-এর দিকে এসে সড়ক অবরোধের চেষ্টা করেন। মিরপুর মডেল থানার সামনে ব্যারিকেড দিয়ে তাঁদের থামানোর উদ্যোগ নেওয়া হয়।
তিনি বলেন, শ্রমিকদের লাঠি ফেলে শান্তিপূর্ণভাবে সরে যাওয়ার জন্য একাধিকবার অনুরোধ করা হয়েছিল। কিন্তু তাঁরা ব্যারিকেড ভেঙে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে জনদুর্ভোগ কমানো এবং জানমালের নিরাপত্তার স্বার্থে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়।
আটকের বিষয়টি নিশ্চিত করে এই পুলিশ কর্মকর্তা আরও জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা এবং যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা চলছে।
এদিকে একই দাবিতে মিরপুর-১১ নম্বর মেট্রো স্টেশনসংলগ্ন এলাকাতেও সড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকরা। সেখানে পুলিশ মাইকিং করে তাঁদের সড়ক ছেড়ে দেওয়ার আহ্বান জানায়। পাশাপাশি বুঝিয়ে শ্রমিকদের অবরোধ থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে।




