ছবি: সংগৃহীত
প্রতিবাদ ও বিক্ষোভের মধ্যেই চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বৃহস্পতিবার বিকেলে এ চুক্তি স্বাক্ষর হয়। এর এক দিন আগে বুধবার বন্দরের স্বাভাবিক কার্যক্রমে কোনো ধরনের বিঘ্ন ঘটানোর চেষ্টা হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে জরুরি চিঠি জারি করে নৌপরিবহন মন্ত্রণালয়।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পরিচালক মো. নাসির উদ্দিন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, কোনো ব্যক্তি বা গোষ্ঠী বন্দরের পরিচালন কার্যক্রমে বিঘ্ন সৃষ্টির চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে হবে এবং আইন ও বিধি অনুযায়ী যথাযথ ব্যবস্থা নিতে হবে। জরুরি পরিস্থিতিতে বন্দরের শৃঙ্খলা বজায় রাখা এবং সব ধরনের কার্যক্রম নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। চিঠিটি সিপিএর সব সদস্য, বিভাগীয় প্রধান এবং বন্দর চেয়ারম্যানের একান্ত সহকারীকে পাঠানো হয়েছে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ কেফায়েত হামিম বলেন, ‘বন্দর জাতীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এটির নিরবচ্ছিন্ন সেবা দেওয়া জরুরি। খালাস কার্যক্রম চালু রাখতে তাই এই নির্দেশনা দেওয়া হয়েছে।’
প্রতিবাদ অব্যাহত
ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি স্বাক্ষরের পর আবারও সংগঠিত হচ্ছেন শ্রমিক নেতারা। বিএনপি ও জামায়াতপন্থি সংগঠনগুলো এ চুক্তির বিরোধিতা করছে। চলতি সপ্তাহে তাদের বিরোধিতা আরও জোরালো হয়েছে। চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ ও বিভিন্ন শ্রমিক সংগঠন গত দুই মাস ধরে নগরীতে সভা-সমাবেশ করে আসছে। বুধবার রাতেও তারা মশাল মিছিল করেছে। বৃহস্পতিবারও অনুষ্ঠিত হয়েছে বিক্ষোভ সমাবেশ।




