ফাইল ছবি
২৬ মার্চ, মহান স্বাধীনতা দিবসে মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হতে প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। দিনটি উপলক্ষে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
রাত পোহালেই ৫৬তম স্বাধীনতা দিবস উদযাপন করবে জাতি। দিনের প্রথম প্রহর থেকেই মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় মোড়ানো ফুলে ভরে উঠবে স্মৃতিসৌধের বেদি। দিনটি উপলক্ষে এরই মধ্যে জাতীয় স্মৃতিসৌধকে ধুয়ে মুছে, ফুল আর রং তুলির আঁচড়ে প্রস্তুত করেছে গণপূর্ত বিভাগ।
সরেজমিনে দেখা গেছে, জাতির বীর সন্তানদের শ্রদ্ধা জানাতে সৌধ স্তম্ভের চূড়া থেকে শুরু করে শহীদ বেদি, চলার সড়ক সবখানে ধুয়ে-মুছে চকচকে করা হয়েছে। প্রয়োজন মতো করা হয়েছে রঙ। সৌধের মূল ফটক থেকে বেদি পর্যন্ত হাঁটা পথে লাল ইটের মধ্যে সাদা রঙের ছোঁয়া ছড়াচ্ছে শুভ্রতা। চত্বরজুড়ে শোভা পাচ্ছে লাল, নীল, বেগুনি, হলুদ, সাদাসহ বিভিন্ন রঙের, বর্ণের ফুলের গাছ। এসব গাছে ফুটে আছে রঙিন ফুল। সৌন্দর্য বর্ধন করা হয়েছে এসব গাছেরও। নির্দেশক হয়ে দাঁড়িয়ে আছে একেকটি ঝাউগাছ।
গণপূর্ত বিভাগের সাভার জাতীয় স্মৃতিসৌধের উপ-সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন আনু বলেন, স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে মার্চ মাসের শুরুতেই সাভার জাতীয় স্মৃতিসৌধে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু হয়েছে। ফুল দিয়ে সাজানো, লেক সংস্কার, সিসি ক্যামেরা স্থাপনসহ সব কাজ এখন পুরোপুরি শেষ। মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ ও বিদেশি কূটনীতিকসহ লাখো মানুষের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদনের জন্য জাতীয় স্মৃতিসৌধ এখন পুরোপুরি প্রস্তুত।
তিনি আরও জানান, দিনটির প্রথম প্রহরে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীসহ রাষ্ট্রের বিভিন্ন ব্যক্তিবর্গ শ্রদ্ধা নিবেদনের পর জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে সৌধের প্রধান গেট।
এদিকে নতুন সাজের পাশাপাশি সৌধ এলাকাটিতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সিসিটিভির পাশাপাশি মোতায়েন থাকছে সাদা পোশাকের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম বলেন, ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবসকে সামনে রেখে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রীসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের জন্য আসবেন। এই আগমন উপলক্ষে ঢাকা জেলা পুলিশ সুপারের নেতৃত্বে ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া যারা স্মৃতিসৌধে আসবেন, শ্রদ্ধা নিবেদন করবেন তারা যেন নির্বিঘ্নে এখানে আসতে পারেন এবং এখান থেকে শ্রদ্ধা নিবেদন শেষে নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে পারেন, এজন্য আমাদের পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।




