ছবি সংগৃহীত
বুকে লেখা ‘স্বৈরাচার নিপাত যাক’, পিঠে ‘গণতন্ত্র মুক্তি পাক’। প্রতিবাদের এই দুটি স্লোগান শরীরে ধারণ করে রাজপথে নেমেছিলেন ২৪ বছরের এক যুবক। শাসকের বুলেট থামিয়ে দিয়েছিল তাঁর জীবন, কিন্তু থামাতে পারেনি গণতন্ত্রের দাবিতে চলা আন্দোলন। সেই যুবক শহীদ নূর হোসেন। আজ ১০ নভেম্বর, তাঁর আত্মত্যাগের স্মরণে পালিত হচ্ছে শহীদ নূর হোসেন দিবস।
১৯৮৭ সালের এই দিনে তৎকালীন স্বৈরাচারবিরোধী আন্দোলনে অংশ নিয়ে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান নূর হোসেন। তাঁর মৃত্যু এরশাদবিরোধী আন্দোলনে নতুন গতি সঞ্চার করে। পরবর্তী সময়ে নব্বইয়ের গণআন্দোলন এবং স্বৈরশাসনের পতনের সংগ্রামেও তাঁর আত্মত্যাগ হয়ে ওঠে প্রতিবাদের অন্যতম অনুপ্রেরণা।
সেদিন ঢাকার রাজপথ ছিল আন্দোলনকারীদের স্লোগানে মুখর। সচিবালয় ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে বায়তুল মোকাররম থেকে গুলিস্তান পর্যন্ত উত্তাল পরিস্থিতি বিরাজ করছিল। হাজারো মানুষের সেই মিছিলেই সবার নজর কেড়েছিলেন নূর হোসেন।
শরীরে প্রতিবাদের বার্তা লিখে রাজপথে দাঁড়ানোর সেই দৃশ্য কেবল একটি মিছিলের অংশ ছিল না; হয়ে উঠেছিল স্বৈরশাসনের বিরুদ্ধে সরাসরি প্রতিবাদের প্রতীক। জিরো পয়েন্টের কাছে পৌঁছালে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। রক্তে ভিজে যায় আন্দোলনের রাজপথ।
নূর হোসেনের সেই আত্মদান বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে বিশেষ স্থান করে নিয়েছে। তাঁর স্মৃতি আজও স্বৈরাচারবিরোধী সংগ্রাম ও গণতন্ত্রের আকাঙ্ক্ষার সঙ্গে জড়িয়ে আছে।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে রাজধানীর গুলিস্তানে শহীদ নূর হোসেন স্কয়ারে শ্রদ্ধা নিবেদন করবে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে স্মরণ করা হবে এই আন্দোলনকর্মীকে।
এ উপলক্ষে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনও আয়োজন করেছে আলোচনা সভার। বিকেল ৪টায় তোপখানা রোডে দলটির প্রধান কার্যালয়ে ‘শহীদ নূর হোসেন দিবস: রাষ্ট্রীয় গুম-খুনের বাসনা এবং সংস্কার পরিষদ না গঠনের বাহানা’ শীর্ষক সভাটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।




