Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

মাঘ ২৩ ১৪৩২, শুক্রবার ০৬ ফেব্রুয়ারি ২০২৬

পাকিস্তানে জুমার নামাজের সময় বিস্ফোরণে নিহত বেড়ে ৩১

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:১৪, ৬ ফেব্রুয়ারি ২০২৬

প্রিন্ট:

পাকিস্তানে জুমার নামাজের সময় বিস্ফোরণে নিহত বেড়ে ৩১

ছবি: সংগৃহীত

পাকিস্তানের ইসলামাবাদে শুক্রবারজুমার নামাজের সময় একটি ইমামবাড়ায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নিহতের সংখ্যা বেড়েই চলেছে। এখন পর্যন্ত অন্তত ৩১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও অন্তত ১৬৯ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন। প্রতিবেদন অনুসারে, ইসলামাবাদের তারালাই এলাকার ইমামবাড়া খাদিজাতুল কুবরায় বিস্ফোরণটি ঘটে। ঘটনার পরপরই পুলিশ ও উদ্ধারকারী দলের এক হাজারেরও বেশি সদস্য উদ্ধার অভিযান শুরু করে।

ডন জানিয়েছে, ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে দেখা যায়, রক্তাক্ত মৃতদেহ কার্পেট মোড়ানো মেঝেতে পড়ে আছে, কাঁচের টুকরো, ধ্বংসাবশেষ এবং আতঙ্কিত মুসল্লিরা। ইমামবাড়ার বাইরের বাগানে আরও কয়েক ডজন আহত ব্যক্তি পড়ে আছেন। এদিকে লোকেরা সাহায্যের জন্য চিৎকার করছে।

ইসলামাবাদ ক্যাপিটাল টেরিটরি পুলিশের মুখপাত্র তকি জাওয়াদ বলেছেন, বিস্ফোরণের প্রকৃতি এখনও নির্ধারণ করা যায়নি। এটি আত্মঘাতী নাকি পুঁতে রাখা বোমা ছিল, ফরেনসিক দলগুলো তা নির্ধারণ করবে। ইসলামাবাদের পলিক্লিনিক, পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিআইএমএস) এবং সিডিএ হাসপাতালে এরইমধ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

পিআইএমএস-এর নির্বাহী পরিচালকের (ইডি) নির্দেশে হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে বলে দ্য ডনকে নিশ্চিত করেছেন একজন মুখপাত্র। সংশ্লিষ্ট মুখপাত্র আরও বলেন, প্রধান জরুরি বিভাগ, অর্থোপেডিক বিভাগ, বার্ন সেন্টার এবং নিউরোলজি বিভাগগুলো সক্রিয় করা হয়েছে। আহতদের পিআইএমএস অ্যান্ড পলিক্লিনিক হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে।
 
২০২৫ সালের ১১ নভেম্বর ইসলামাবাদের জি-১১ এলাকায় একটি জেলা ও দায়রা আদালত ভবনের বাইরে আত্মঘাতী বিস্ফোরণের তিন মাসেরও কম সময়ের মধ্যে আজকের ঘটনাটি ঘটল। ওই বিস্ফোরণে ১২ জন নিহত এবং ৩০ জনেরও বেশি আহত হন।

Walton
Walton