Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

মাঘ ২৩ ১৪৩২, শুক্রবার ০৬ ফেব্রুয়ারি ২০২৬

রাজধানীতে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:২০, ৬ ফেব্রুয়ারি ২০২৬

প্রিন্ট:

রাজধানীতে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

ফাইল ছবি

রাজধানীতে ৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি মোতায়েন করা হয়েছে। আজ শুক্রবার এক বার্তায় এই তথ্য জানিয়েছে বিজিবি। সংস্থাটি জানায়, রাষ্ট্রীয় ভবন যমুনার নিরাপত্তায় কাকরাইল মসজিদ ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় এই ৬ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে।

এদিকে, নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদনের আলোকে ৯ম বেতন স্কেল বা পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাও করেছেন সরকারি কর্মচারীরা। বেলা সোয়া ১১টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশের সড়কে পুলিশের দেওয়া ব্যারিকেড বা প্রতিবন্ধকতা ভেঙে যমুনার প্রবেশ মুখে অবস্থান নেন তাঁরা।

এই সময় বিভিন্ন স্লোগান দিতে থাকেন সরকারি চাকরিজীবীরা। কিছুক্ষণ পর আন্দোলনকারীদের ওপর কাঁদানে গ্যাস বা টিয়ারগ্যাস নিক্ষেপ করতে দেখা যায় পুলিশকে। টিয়ারগ্যাস ও বিজিবি মোতায়েনের ফলে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

আন্দোলনকারীরা জানান, আজকের মধ্যেই ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ না হলে আন্দোলন থেকে একচুলও সরবেন না তাঁরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে অবস্থান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত কর্মচারীরা।

Walton
Walton