Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ২০ ১৪৩৩, শনিবার ০৫ সেপ্টেম্বর ২০২৬

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে উদ্ধার ২ মরদেহের পরিচয় মিলেছে

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:১৬, ৫ সেপ্টেম্বর ২০২৬

প্রিন্ট:

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে উদ্ধার ২ মরদেহের পরিচয় মিলেছে

ছবি: সংগৃহীত

ঢাকার সাভারের আশুলিয়ার মধ্য জামগড়ায় তালাবদ্ধ কক্ষ থেকে উদ্ধার হওয়া নারী ও পুরুষের মরদেহের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহত দুজন স্বামী-স্ত্রী। তাদের সঙ্গে উদ্ধার হওয়া মৃত ভ্রূণটির বিষয়ে এখনো বিস্তারিত তথ্য জানা যায়নি।শনিবার দুপুরে নিহতদের পরিচয় নিশ্চিত করে পুলিশ।

তারা হলেন- দিনাজপুরের নবাবগঞ্জ থানার আলমগীর হোসেন ওরফে আলম (৪২) এবং তার স্ত্রী নাজমা আক্তার (৩৩)।পুলিশ জানায়, আলমগীর ও নাজমা গত আগস্টে স্বামী-স্ত্রী পরিচয়ে মধ্য জামগড়া এলাকার হযরত আলীর চারতলা ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষ ভাড়া নেন। আলমগীর ফেরি করে পান বিক্রি করতেন। নাজমা পোশাক কারখানায় চাকরি করতেন।

নিহত নাজমার বোন শাপলা বেগম বলেন, তার বোন জামগড়ার একটি পোশাক কারখানায় কাজ করতেন। বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে কারখানা ছুটির পর নাজমার সঙ্গে তার দেখা হয়। এরপর ফোনে যোগাযোগের চেষ্টা করলে নাজমার ফোন বন্ধ পাওয়া যায়।

এর একদিন পর শুক্রবার সন্ধ্যায় ওই কক্ষ থেকে দুর্গন্ধ পেতে শুরু করেন ভবনের অন্য ভাড়াটিয়ারা। পরে দুর্গন্ধ তীব্র হলে বিষয়টি ভবন মালিককে জানানো হয়। রাতে কক্ষটির তালা ভেঙে ভেতরে ঢুকে আলমগীর ও নাজমার মরদেহ দেখতে পান তারা। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলের পরিস্থিতি বিবেচনায় প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে। নাজমার গর্ভে থাকা ভ্রূণটি ঘটনার আগে, ঘটনার সময় অথবা পরে প্রসব হয়ে থাকতে পারে।

ওসি আরও বলেন, মরদেহ দুটি ফুলে গেছে এবং দুর্গন্ধ ছড়াচ্ছিল। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তসহ প্রয়োজনীয় তদন্ত করা হচ্ছে। ঘটনাটি নিয়ে পুলিশ আরও কাজ করছে।

Walton
Walton