Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ২০ ১৪৩৩, শনিবার ০৫ সেপ্টেম্বর ২০২৬

তালাবদ্ধ ঘরে দুর্গন্ধ, পুলিশ গিয়ে পেল ৩ লাশ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:০৪, ৫ সেপ্টেম্বর ২০২৬

প্রিন্ট:

তালাবদ্ধ ঘরে দুর্গন্ধ, পুলিশ গিয়ে পেল ৩ লাশ

ছবি: সংগৃহীত

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। নিহত পুরুষের গলায় গামছা পেঁচানো থাকায় ঘটনাটি হত্যাকাণ্ড বলে সন্দেহ করছে পুলিশ।

স্থানীয়রা জানান, ওই কক্ষে স্বামী-স্ত্রী পরিচয়ে নতুন ভাড়াটিয়া হিসেবে এক নারী ও এক পুরুষ থাকতেন। বাসা ভাড়া নেওয়ার পর থেকেই কক্ষটির দরজা-জানালা অধিকাংশ সময় বন্ধ থাকত। শনিবার রাতে কক্ষটি থেকে পচা দুর্গন্ধ বের হলে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। পরে তারা পুলিশে খবর দেন।

খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে কক্ষটির তালা ভেঙে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেন। এ সময় ওই পুরুষের গলায় গামছা পেঁচানো অবস্থায় মরদেহটি পাওয়া যায়।

ঘটনাস্থলে সিআইডির ফরেনসিক টিম ও ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশের সদস্যরাও যান। তারা বিভিন্ন আলামত সংগ্রহ করেন।


তবে নিহত তিনজনের পরিচয় এবং কীভাবে তাদের মৃত্যু হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত আশুলিয়া থানা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, স্থানীয়দের সংবাদের পরিপ্রেক্ষিতে জামগড়া থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অধিকতর তদন্ত শেষে ঘটনার কারণ চিহ্নিত করে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Walton
Walton