Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ১৮ ১৪৩৩, বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬

বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ নির্ধারণ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৩০, ৩ সেপ্টেম্বর ২০২৬

প্রিন্ট:

বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ নির্ধারণ

ফাইল ছবি

আগামী ৮ থেকে ১০ জানুয়ারি এবং ১৫ থেকে ১৭ জানুয়ারি যথাক্রমে প্রথম ও দ্বিতীয় পর্বে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার বিশ্ব ইজতেমার আয়োজন নিয়ে বৈঠক শেষে এ কথা জানান তিনি।

এদিন সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে তাবলীগ জামাত বাংলাদেশ এর প্রতিনিধিগণের (সাদপন্থী) সঙ্গে ইজতেমার তারিখ নির্ধারণ, আইন-শৃঙ্খলা রক্ষা ও অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ে সভা অনুষ্ঠিত হয়। 

সালাহউদ্দিন আহমদ বলেন, বিশ্ব ইজতেমা সর্বাত্মক শান্তিপূর্ণ পরিবেশে আয়োজনে সরকার বদ্ধপরিকর। কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটিয়ে তাবলিগ জামাতের উভয় পক্ষের মধ্যে সমঝোতার মাধ্যমে ইজতেমা আয়োজনের আহ্বান জানানো হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হচ্ছে শান্তিশৃঙ্খলা বজায় রাখা। তারা চান, যাতে কোনো ধরনের সংঘর্ষ না হয়। কারণ, এর আগে এ ধরনের ঘটনা ঘটেছে। হতাহতের ঘটনা ঘটেছে।

মাওলানা সাদ আসবেন কিনা এ বিষয়ে মন্ত্রী জানান, বিষয়টি ভিসা নীতি ও ধর্ম মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত। সংশ্লিষ্ট নীতিমালা অনুযায়ী এ বিষয়ে সিদ্ধান্ত হবে বলেও তিনি জানান।

এর আগে, গত ১৮ আগস্ট ২০২৬ তারিখে বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারণ, আইন-শৃঙ্খলা সমুন্নত রাখা, ইজতেমার সার্বিক নিরাপত্তা ও অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে অনুরূপ একটি সভা অনুষ্ঠিত হয় এবং এতে তাবলীগ জামাতের (জুবায়েরপন্থী অংশ) প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।

Walton
Walton