Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ২০ ১৪৩৩, শনিবার ০৫ সেপ্টেম্বর ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ১৩৪৪

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৫:১৫, ৫ সেপ্টেম্বর ২০২৬

প্রিন্ট:

নেপালে ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ১৩৪৪

ছবি: সংগৃহীত

নেপালে গত সপ্তাহের আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ১৩৪৪ জনে পৌঁছেছে। নেপাল পুলিশ জানিয়েছে, এখনও নিখোঁজ রয়েছেন ৪ হাজার ৪৭১ জনেরও বেশি মানুষ। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জোরকদমে চলছে উদ্ধার ও সন্ধান অভিযান।

গত ২৬ আগস্ট হিমালয়ঘেঁষা এলাকায় ভয়াবহ আকস্মিক বন্যায় বিপর্যস্ত হয়ে পড়ে নেপালের বিস্তীর্ণ অঞ্চল। বন্যার পানির তোড়ে রাস্তাঘাট, সেতু, বসতবাড়ি ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রেসকিউ ও ত্রাণ কার্যক্রম চললেও দুর্গম এলাকাগুলোতে এখনও অনেক মানুষ নিখোঁজ রয়েছেন।

বন্যার পর সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে নিরাপদ পানির সংকট। নুয়াকোট জেলার বন্যাকবলিত বিদুর পৌরসভার ১৫টি পানির উৎসের নমুনা পরীক্ষা করে পাঁচটিতে ই-কোলাই ব্যাকটেরিয়ার উপস্থিতি পাওয়া গেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দূষিত উৎসগুলোতে ক্লোরিন প্রয়োগ করেছে।

ই-কোলাইয়ের উপস্থিতি সাধারণত পানিতে মলজাত দূষণের ইঙ্গিত দেয়। ফলে বন্যাকবলিত এলাকায় ডায়রিয়া, কলেরা, টাইফয়েডসহ পানিবাহিত বিভিন্ন রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। ইতোমধ্যে কিছু এলাকায় ডায়রিয়া ও জ্বরে আক্রান্ত রোগীর খবর পাওয়া গেছে।

ভোটেকোশি নদীর বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর একটি বিদুর। সেখানে পানি সরবরাহব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় বাস্তুচ্যুত মানুষদের জন্য ট্যাংকারে করে খাবার পানি সরবরাহ করা হচ্ছে। একই সঙ্গে সম্ভাব্য রোগের প্রাদুর্ভাব ঠেকাতে স্বাস্থ্য কর্তৃপক্ষ সতর্ক অবস্থানে রয়েছে।

এদিকে বন্যার পর নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে নেপালজুড়ে ব্যাপক অভিযান চলছে। রাশুয়া, নুয়াকোটসহ ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে সেনাবাহিনী, পুলিশ ও সশস্ত্র পুলিশ বাহিনীর সদস্যরা অনুসন্ধান চালাচ্ছেন। ধ্বংসস্তূপ ও দুর্গম ভূখণ্ডের কারণে উদ্ধারকাজ এখনও কঠিন হয়ে আছে।

হাইড্রোপাওয়ার প্রকল্পগুলোর টানেল থেকেও নিখোঁজ শ্রমিকদের উদ্ধারে অভিযান চলছে। সম্প্রতি উদ্ধারকারী দল একটি জলবিদ্যুৎ প্রকল্পের টানেল থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে।

বন্যায় ভারতের নাগরিকদেরও অনেকে নিখোঁজ হয়েছেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ২৭৫ ভারতীয় এখনও নিখোঁজ এবং ১৬৬ জনকে উদ্ধার করা হয়েছে। দুর্যোগ মোকাবিলায় ভারত প্রায় ৯৫ টন ত্রাণসামগ্রী পাঠানোর পাশাপাশি বিশেষজ্ঞ ও উদ্ধারকারী দলও নেপালে পাঠিয়েছে।

নেপাল সরকারের তথ্য অনুযায়ী, বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম অব্যাহত রয়েছে। তবে প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতির পাশাপাশি নিরাপদ পানি ও স্বাস্থ্যঝুঁকি এখন দেশটির জন্য নতুন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

Walton
Walton