ছবি: সংগৃহীত
নেপালের ভোতেকোশি ও ত্রিশূলী নদীতে সৃষ্ট ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩৪ জনে দাঁড়িয়েছে। রোববার সকালে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। দেশটিতে এখনও ৫৮৯ জন বিদেশি পর্যটকসহ অন্তত ২ হাজার ৪৯৮ জন নিখোঁজ রয়েছেন।
সরকারি তথ্য অনুযায়ী, বন্যার পানির তোড়ে বহু মরদেহ শত শত কিলোমিটার ভাটিতে ভেসে গেছে।সবচেয়ে বেশি ২৫৯টি মরদেহ উদ্ধার হয়েছে চিতওয়ান জেলা থেকে। নিখোঁজদের মধ্যে একটি জলবিদ্যুৎ প্রকল্পের ৯৩৩ জন কর্মী এবং নেপালি সেনা ও পুলিশের ৮৫ জন সদস্য রয়েছেন।
সেনাবাহিনী ও পুলিশের প্রায় ২০ হাজার সদস্য দুর্গত এলাকায় উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। হেলিকপ্টার ও বিশেষ দলের সহায়তায় এখন পর্যন্ত ৮ হাজার ১৮৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, যার মধ্যে জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে আটকে পড়া ২৭৯ জন শ্রমিকও রয়েছেন। উদ্ধার হওয়া অজ্ঞাত মরদেহগুলো শনাক্তের জন্য বিভিন্ন জেলার ২১টি হাসপাতালে পাঠানো হয়েছে।




