ছবি: সংগৃহীত
পশ্চিম এশিয়ার সকল অংশীদারদের সংযম প্রদর্শন এবং ইরানের ওপর মার্কিন ও ইসরাইলি হামলার পর উত্তেজনা বৃদ্ধি এড়ানোর আহ্বান জানিয়েছে ভারত। অন্তর্নিহিত বিষয়গুলো সমাধানের জন্য সংলাপ ও কূটনীতির আহ্বান জানিয়ে ভারতের পক্ষ থেকে সব রাষ্ট্রের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান করার গুরুত্বের ওপর জোর দেয়া হয়েছে।
মার্কিন ও ইসরাইলি সামরিক বাহিনী তেহরান ও ইরানের অন্যান্য শহরগুলোকে লক্ষ্য করে হামলা চালানোর কয়েক ঘণ্টা পরিই নয়াদিল্লি এই প্রতিক্রিয়া দিয়েছে।
ইরান এবং উপসাগরীয় অঞ্চলে সাম্প্রতিক ঘটনাবলীতে ভারতের পররাষ্ট্র মন্ত্রক গভীর উদ্বেগ প্রকাশ করে এক বিবৃতিতে বলেছে, আমরা সকল পক্ষকে সংযম প্রদর্শন, উত্তেজনা বৃদ্ধি এড়াতে এবং বেসামরিক নাগরিকদের নিরাপত্তাকে অগ্রাধিকার দেয়ার আহ্বান জানাচ্ছি। উত্তেজনা হ্রাস এবং অন্তর্নিহিত সমস্যাগুলো সমাধানের জন্য সংলাপ এবং কূটনীতি অনুসরণ করা উচিত।
সকল রাষ্ট্রের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান করার দাবি জানানো হয়েছে বিবৃতিতে। পররাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে থাকা ভারতীয় মিশনগুলো ভারতীয় নাগরিকদের সঙ্গে যোগাযোগ রাখছে এবং তাদের সতর্ক থাকতে, দূতাবাসগুলোর সঙ্গে যোগাযোগ রাখতে এবং স্থানীয় নিরাপত্তা নির্দেশিকা অনুসরণ করতে পরামর্শ দেয়া হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ইসরাইলি ও ইরানি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। শত্রুতা নিয়ে ভারতের উদ্বেগ জানানো হয়েছে এবং সংলাপ ও কূটনীতির ওপর জোর দেয়ার কথা জানিয়েছেন।
ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সার সঙ্গে ফোনে কথা বলার পর জয়শঙ্কর সোশ্যাল মিডিয়ায় বলেন, ‘উত্তেজনা কমাতে সংলাপ ও কূটনীতির জন্য ভারতের আহ্বান পুনর্ব্যক্ত করা হয়েছে।’
শনিবার সন্ধ্যায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচির সঙ্গে কথা বলার পর জয়শঙ্কর আর একটি সোশ্যাল মিডিয়া পোস্টে বলেন, ‘ইরান এবং এই অঞ্চলের সাম্প্রতিক ঘটনাবলীতে ভারতের গভীর উদ্বেগ ভাগ করে নিলাম।’
জয়শঙ্কর বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল লতিফ বিন রশিদ আল জায়ানি, কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি, সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল-নাহিয়ান এবং কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী শেখ জারাহ জাবের আল-আহমাদ আল-সাবাহর সঙ্গে কথা বলেছেন এ। তিনি এই অঞ্চলের পরিস্থিতি এবং ভারতীয় নাগরিকদের সুরক্ষার বিষয় নিয়ে আলোচনা করেছেন।




