Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ফাল্গুন ১৪ ১৪৩২, শুক্রবার ২৭ ফেব্রুয়ারি ২০২৬

আফগানিস্তান ও পাকিস্তানকে সংঘাত বন্ধের আহ্বান জাতিসংঘের

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:২৮, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

প্রিন্ট:

আফগানিস্তান ও পাকিস্তানকে সংঘাত বন্ধের আহ্বান জাতিসংঘের

ফাইল ছবি

আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সীমান্তবর্তী সংঘর্ষ বৃদ্ধির প্রতিবেদনগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। সাম্প্রতিক সহিংসতা বৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।শুক্রবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক এক বিবৃতিতে জানান, গুতেরেস উভয় দেশকে আন্তর্জাতিক আইনের প্রতি কঠোরভাবে প্রতিশ্রুতিবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।বিশেষ করে আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।
 
চলমান মুখোমুখি অবস্থানের মধ্যে বেসামরিক নাগরিকদের সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়ার জরুরি প্রয়োজনীয়তার কথাও তিনি তুলে ধরেন গুতেরেস। এদিকে, আফগান তালেবান সরকারের বিরুদ্ধে ‘প্রকাশ্য যুদ্ধ’ ঘোষণা করেছে পাকিস্তান। দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এক্স (সাবেক টুইটার)-এ দেয়া পোস্টে এ ঘোষণা দিয়েছেন।
 
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আফগান বাহিনী পাকিস্তানি সেনাদের ওপর আক্রমণ করার পর আফগানিস্তানের প্রধান শহরগুলোতে ধারাবাহিক হামলার মধ্যেই খাজা আসিফ এই ঘোষণা দেন। 
 
পাক প্রতিরক্ষামন্ত্রী পোস্টে লেখেন, ‘পাকিস্তান সরাসরি এবং বন্ধুত্বপূর্ণ দেশগুলোর মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক রাখার সর্বোচ্চ চেষ্টা করেছে। পূর্ণাঙ্গ কূটনীতি চালানো হয়েছে। কিন্তু আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। এখন এটি আমাদের এবং তোমাদের (আফগানিস্তান) মধ্যে প্রকাশ্য যুদ্ধ।’
 
পাকিস্তানের প্রধানমন্ত্রীর মুখপাত্র মোশাররফ জাইদির দাবি, পাকিস্তানি বাহিনীর হাতে এখন পর্যন্ত মোট ১৩৩ জন আফগান তালেবান নিহত এবং ২০০ জনেরও বেশি আহত হয়েছেন।
 
তিনি এক্স-এ লিখেছেন, শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) আফগানিস্তানের কাবুল, পাকতিয়া এবং কান্দাহারে পাকিস্তানের হামলায় ‘আরও অনেক হতাহতের ঘটনা ঘটেছে’। তবে পাকিস্তানের এমন দাবি উড়িয়ে দিয়েছে আফগানিস্তান। তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক্স-এ লিখেছেন, ‘পাকিস্তানের সবশেষ হামলায় কেউ আহত হননি।’ 

এছাড়া, পাল্টা হামলায় অর্ধশতাধিক পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে তালেবান। যদিও হতাহতের সংখ্যা নিয়ে দুই পক্ষের দাবির সত্যতা নিশ্চিত হওয়া যায়নি। 

Walton
Walton