ছবি: সংগৃহীত
গাজীপুরের টঙ্গীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ অফিসে ব্যানার ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে নতুন বাজার এলাকায় দলটি অফিসে গাজীপুর মহানগর আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠন লেখা ব্যানার ও জাতীয় পতাকা উত্তোলন দেখা যায়।
এর আগে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দলীয় নেতাকর্মীরা আত্মগোপনে চলে যান। ওই সময় কয়েক দফায় বিক্ষুব্ধ ছাত্র-জনতা কার্যালয়টিতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ৫ আগস্টের পর থেকে কার্যালয়টি পুরোপুরি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এর মধ্যেই হঠাৎ করে আজ ভোরে কে বা কারা কার্যালয়ে ঢুকে জাতীয় পতাকা উত্তোলন করেছেন।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, গাজীপুর মহানগর আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন লেখা ব্যানারটি গাজীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য জাহীদ আহসান রাসেল তার ফেসবুকে পোস্ট করেছেন। তিনি লিখেছেন, ‘টঙ্গী থানা আওয়ামী লীগ কার্যালয়ে দীর্ঘ ১৮ মাস পর দলীয় ব্যানার এবং জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। আগুন জ্বালিয়ে, পুড়িয়ে দেওয়া-হয়তো সহজ। ভেঙে-চুড়ে লুটপাট করা- হয়তো সহজ, কিন্তু একটি বলিয়ান চেতনাভাস্বর আদর্শ ধ্বংস করে সাধ্য কার? জেনে রেখো.. যতই হত্যা করো, জন্মাবো আবার দারুণ সূর্য হবো, লিখবো নতুন ইতিহাস।’
সরেজমিনে দেখা যায়, কার্যলয়টির সামনে ব্যানার টাঙ্গানো ও একটি খুঁটিতে জতীয় পতাকা উত্তোলন করা।
টঙ্গী পূর্ব থানার ওসি মেহেদী হাসান বলেন, এ ব্যাপরে কোনো তথ্য তারা পায়নি।




