Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

মাঘ ২০ ১৪৩২, মঙ্গলবার ০৩ ফেব্রুয়ারি ২০২৬

বিমানবাহী সেই যুদ্ধজাহাজ ইরান থেকে দূরে সরিয়ে নিলো যুক্তরাষ্ট্র

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:০৯, ৩ ফেব্রুয়ারি ২০২৬

প্রিন্ট:

বিমানবাহী সেই যুদ্ধজাহাজ ইরান থেকে দূরে সরিয়ে নিলো যুক্তরাষ্ট্র

ফাইল ছবি

অবস্থান পরিবর্তন করে মার্কিন নৌবাহিনীর আব্রাহাম লিংকন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপকে দক্ষিণ ইয়েমেনের জলসীমায় নেয়া হয়েছে, যা ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে বিশেষ মনোযোগ আকর্ষণ করেছে। সংশ্লিষ্ট একটি সামরিক গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ইরানভিত্তিক সংবাদ সংস্থা ডব্লিউএএনএ।

সূত্রের মতে, একাধিক ডেস্ট্রয়ার ও একটি সহায়ক সাবমেরিনসহ যুক্তরাষ্ট্রের এই বহরটি বর্তমানে ইয়েমেনের সোকোত্রা দ্বীপের পূর্বে এডেন উপসাগরের কাছে মোতায়েন রয়েছে। সেই হিসাবে বহরটি ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বন্দর চাবাহার থেকে আনুমানিক ১ হাজার ৪০০ কিলোমিটার দূরে অবস্থান করছে, যা আগের তুলনায় ইরানের উপকূলীয় জলসীমা থেকে আরও বেশি দূরত্ব নির্দেশ করে। 

ইরানি কর্মকর্তারা যখন ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা বৃদ্ধি নিয়ে সতর্কবার্তা দিচ্ছেন, তখনই যুদ্ধজাহাজের অবস্থান পরিবর্তনের খবর এলো। তবে এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানা যায়নি। মার্কিন কর্তৃপক্ষও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য দেয়নি। যদিও যুক্তরাষ্ট্রের একটি বড় নৌবহর ইরানের দিকে যাচ্ছে বলে স্থানীয় সময় সোমফের দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। 
 
ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, আমাদের জাহাজ এখন ইরানের দিকে যাচ্ছে, বড় জাহাজ– সবচেয়ে বড় এবং সবচেয়ে শক্তিশালী। পাশাপাশি ইরানের সঙ্গে আমাদের আলোচনাও চলছে, দেখা যাক বিষয়টি কীভাবে এগোয়। তিনি আরও বলেন, ‘যদি আমরা কোনো সমাধানে পৌঁছাতে পারি, সেটি খুব ভালো হবে। আর যদি না পারি, তাহলে সম্ভবত খারাপ কিছু ঘটবে।’
 
এদিকে, ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন যে দেশটির সামরিক নীতিতে পরিবর্তন আনা হয়েছে এবং তা এখন আরও ‘আক্রমণাত্মক’ পর্যায়ে প্রবেশ করেছে। 
এমন পরিস্থিতিতে, অঞ্চলটির গুরুত্বপূর্ণ শক্তিগুলোর সামরিক গতিবিধি ও কৌশলগত বার্তা আন্তর্জাতিক মহলে গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এসব পদক্ষেপের আঞ্চলিক স্থিতিশীলতার ওপর সম্ভাব্য প্রভাবও মূল্যায়ন করছেন বিশ্লেষকেরা।

Walton
Walton