Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

মাঘ ২০ ১৪৩২, মঙ্গলবার ০৩ ফেব্রুয়ারি ২০২৬

অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে জাতীয় স্বার্থবিরোধী চুক্তির অভিযোগ আ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৫১, ৩ ফেব্রুয়ারি ২০২৬

প্রিন্ট:

অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে জাতীয় স্বার্থবিরোধী চুক্তির অভিযোগ আ

ফাইল ছবি

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালসহ একাধিক জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বিদেশি কোম্পানির সঙ্গে অস্বচ্ছ ও দীর্ঘমেয়াদি চুক্তির উদ্যোগ নেওয়ায় অন্তর্বর্তী সরকারের তীব্র সমালোচনা করেছেন অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ। 

তিনি বলেছেন, নির্বাচনের আগে এ ধরনের চুক্তি করার কোনো সাংবিধানিক বা নৈতিক অধিকার অন্তর্বর্তী সরকারের নেই এবং এসব সিদ্ধান্ত বাংলাদেশকে অর্থনৈতিক, রাজনৈতিক ও ভূ-কৌশলগত ঝুঁকির দিকে ঠেলে দিচ্ছে।

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ডিপি ওয়ার্ল্ড-এর কাছে ইজারা দেওয়ার প্রতিবাদে গণতান্ত্রিক অধিকার কমিটির প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।মঙ্গলবার বিকেলে রাজধানীর শাহবাগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আনু মুহাম্মদ অভিযোগ করেন, লাভজনক নিউমুরিং কনটেইনার টার্মিনালকে অদক্ষতার অভিযোগ তুলে বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। তিনি বলেন, প্রতি বছর প্রায় দুই হাজার কোটি টাকার বেশি লাভ করা একটি প্রতিষ্ঠান বিদেশি কোম্পানির হাতে দিলে সরকার রাজস্ব হারাবে, আমদানি-রপ্তানির খরচ বাড়বে এবং পুরো অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে।

অধ্যাপক আনু মুহাম্মদের ভাষ্য, বন্দরের শুল্ক ও মাসুল বাড়ানো হয়েছে বিদেশি কোম্পানির মুনাফা নিশ্চিত করার জন্য। এতে সাধারণ জনগণ ও ব্যবসায়ীদের ওপর অতিরিক্ত চাপ পড়বে। একই সঙ্গে তিনি সতর্ক করেন, দেশের মোট আমদানি-রপ্তানির প্রায় ৯০ শতাংশ যে বন্দরের মাধ্যমে হয়, সেটি বিদেশি নিয়ন্ত্রণে গেলে বাংলাদেশ অর্থনৈতিক ও কৌশলগতভাবে ঝুঁকিতে পড়বে।

তিনি আরও বলেন, এই সরকার যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের সঙ্গে অস্বচ্ছ ও জনস্বার্থবিরোধী চুক্তির দিকে এগোচ্ছে। অস্ত্র আমদানিতে অস্বাভাবিক আগ্রহ দেখা যাচ্ছে, অথচ শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ছে না। দারিদ্র্য ও বৈষম্য বেড়েছে।

অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে আনু মুহাম্মদ বলেন, নির্বাচনের আগে এই সরকারের দীর্ঘমেয়াদি জাতীয় স্বার্থসংশ্লিষ্ট চুক্তি করার কোনো অধিকার নেই। এসব চুক্তি আগামী ৩০-৫০ বছরের জন্য বাংলাদেশকে বেঁধে ফেলবে।

তিনি দাবি জানান, শ্রমিকদের সব দাবি অবিলম্বে মেনে নেওয়া, সব অস্বচ্ছ চুক্তির খসড়া প্রকাশ এবং ‘ছয়-নয়’-এর কোনো জাতীয় স্বার্থবিরোধী চুক্তি না করার। 

পাশাপাশি ভবিষ্যৎ নির্বাচিত সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এসব চুক্তি নিয়ে শ্বেতপত্র প্রকাশ ও দায়ীদের বিচারের আওতায় আনতে হবে।

Walton
Walton