ছবি: সংগৃহীত
অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের আজ বিকেলেই রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’ ছাড়ার কথা রয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শনিবার বিকাল ৩ টা অথবা ৪টার মধ্যেই সরকারি এই বাসভবন ত্যাগ করার কথা রয়েছে তার
সরজমিনে বেলা ২টার দিকে যমুনা, বেইলি রোড ও আশপাশের এলাকা ঘুরে দেখা গেছে, বেইলি রোডের নিরাপত্তা আগের থেকে বাড়ানো হয়েছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। গেটের বাইরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন এবং আশপাশের সড়কে কাউকে দাঁড়াতে দিচ্ছে না।
২০২৪ সালের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকেই ড. ইউনূস যমুনায় অবস্থান করছিলেন। প্রায় দেড় বছর দায়িত্ব পালন শেষে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত নতুন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের মধ্য দিয়ে তার মেয়াদের সমাপ্তি ঘটে। এই যমুনা ত্যাগের মাধ্যমে সেই অধ্যায়ের আনুষ্ঠানিক ইতি ঘটতে যাচ্ছে।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সরকারি আবাসন পরিদপ্তর জানিয়েছে, সংস্কার কাজ শেষে এই ভবনেই উঠবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বর্তমানে তিনি গুলশানের নিজস্ব বাসভবনে থেকে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করছেন। যমুনায় বসবাসের সিদ্ধান্ত নেয়ায় সেখানে প্রয়োজনীয় সংস্কার কাজ চলছে।




