ছবি: সংগৃহীত
দেশের ব্যস্ততম নৌরুট রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাটে বাস ডুবির ঘটনায় পল্টুন সরিয়ে চতুর্থ দিনের মতো উদ্ধার অভিযান চলছে।
শনিবার সকাল আটটার মধ্যে ডাকবোট ও রেকার এসে পৌঁছায় এবং সকাল ১০টা থেকে পল্টুন সরানোর কাজ শুরু করে। আধা ঘণ্টার মধ্যে পল্টুন সরিয়ে ফেলা হয়। এরপর উদ্ধার অভিযান শুরু হয়।
রাজবাড়ী জেলা তদন্ত কমিটির প্রধান জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে বলেন, তদন্ত কার্যক্রম চতুর্থ দিনের মতো চলমান রয়েছে। এ সময় পল্টুন সরিয়ে অধিকতর নিশ্চিত হওয়ার জন্য অভিযান অব্যাহত রাখা হয়েছে। এ সময় কোনো অভিযোগ পাওয়া গেলে তা খতিয়ে দেখা হবে।
তিনি আরও বলেন, “আজ আমরা স্পিডবোটে করে ঘটনাস্থল পরিদর্শন করেছি। সবাই বসে আলোচনা করে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা নিয়মিত উদ্ধার অভিযান তদারকি করছেন।”
তিনি জানান, এখনো সঠিক সংখ্যা পাওয়া যায়নি, কারণ অনেক যাত্রী ঘাটে নেমে চা-নাস্তা করছিলেন।




