Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

মাঘ ২৮ ১৪৩২, বুধবার ১১ ফেব্রুয়ারি ২০২৬

মুরাদনগরে ২ লাখ টাকাসহ জামায়াত নেতা আটক

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৫৫, ১১ ফেব্রুয়ারি ২০২৬

প্রিন্ট:

মুরাদনগরে ২ লাখ টাকাসহ জামায়াত নেতা আটক

ছবি: সংগৃহীত

কুমিল্লার মুরাদনগরে দুই লাখ টাকাসহ এক জামায়াত নেতাকে আটক করেছে স্থানীয়রা। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে।বুধবার দুপুরে উপজেলার ছালিয়াকান্দি এলাকা থেকে টাকাসহ তাকে আটক করা হয়।

আটক মাওলানা হাবীবুর রহমান হেলালী কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী ইউসুফ হাকিমের ছালিয়াকান্দি ভোটকেন্দ্রের প্রধান সমন্বয়ক।সহকারী রিটার্নিং কর্মকর্তা ও মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুর রহমান বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।

জানা গেছে, বুধবার দুপুরে ব্যক্তিগত গাড়িতে করে ধামগড় থেকে ছালিয়াকান্দি এলাকায় যান মাওলানা হাবীবুর রহমান হেলালী। এ সময় তার গতিবিধি সন্দেহজনক হলে তার গাড়ি তল্লাশি করে স্থানীয়রা গাড়ির পেছনে থাকা একটি বাজারের ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগটিতে কম্বল দিয়ে ঢেকে রাখা অবস্থায় ১ হাজার টাকা নোটের দুটি বান্ডিল পাওয়া যায়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে পুলিশসহ একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে যান।

ইউএনও আব্দুর রহমান বলেন, ‘খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তিনি টাকা বিলি করার সময় হাতেনাতে ধরা পড়েননি বলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।’

এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আব্দুল মতিন বলেন, ‘এই খবরটি এখনই শুনলাম। খোঁজ নিয়ে জেনে পরে বিস্তারিত জানাতে পারব।’

Walton
Walton