ফাইল ছবি
সাংবাদিক আলী মাহমুদের (৭০) মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের একটি শৌচাগার থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি দৈনিক দিনকাল পত্রিকার সাংবাদিক ছিলেন তিনি।
সকাল ১০টার দিকে খবর পেয়ে শৌচাগারের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধারের কথা নিশ্চিত করেছে শাহবাগ থানার পুলিশ। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয় বলেও পুলিশ জানিয়েছে।
শাহবাগ থানার এসআই মো. রায়হান উদ্দীন বলেন, গত সোমবার বিকেল ৫টার দিকে তিনি প্রেসক্লাবে এসেছিলেন। রাতে বাসায় না ফেরায় পরিবারের লোকজন কর্মস্থল দিনকাল অফিসে খবর নিয়ে জানতে পারেন তিনি অফিসেও আসেননি। বিভিন্ন স্থানে খোজাখুঁজি পর তার কোনো সন্ধান না পেয়ে পরিবারের লোকজন থানায় ফোন করেন। এসময় খবর পেয়ে সকাল ১০টার দিকে জাতীয় প্রেস ক্লাবের দ্বিতীয় তলার একটি টয়লেটের দরজা ভেঙ্গে সাংবাদিক আলী মাহমুদের মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, মরদেহের নাক-মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল, ধারণা করা হচ্ছে স্ট্রোক করে তিনি মারা গেছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সেখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এস আই রায়হান উদ্দিন আরও জানান, ৭০ বছর বয়সী সাংবাদিক মাহমুদকে এর আগেও হার্টে ২ বার রিং পড়ানো হয়েছে বলে পরিবারের লোকজন পুলিশকে জানিয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে সাংবাদিক মাহমুদের লাশ হস্তান্তর করা হয়েছে। রাজশাহী পবা উপজেলা তার গ্রামের বাড়ি।
জানা যায়, আলী মাহমুদের জন্ম ১৯৫৬ সালে, রাজশাহীর পবায়। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি নেওয়ার পর সাংবাদিকতা শুরু করেন তিনি। তার প্রথম কর্মস্থল রাজশাহীর দৈনিক বার্তায়। এরপর ঢাকায় এসে যোগ দেন দৈনিক দিনকালে। দীর্ঘ দিন এই পত্রিকায় বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করে সর্বশেষ নগর সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন। আলী মাহমুদ জাতীয় প্রেস ক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের স্থায়ী সদস্য ছিলেন। বিএনপির মিডিয়া সেলেরও তিনি সদস্য ছিলেন।
দৈনিক দিনকালের সাংবাদিকরা বলেন, অত্যন্ত সাদামনের মানুষ ছিলেন আলী মাহমুদ।
তার মৃত্যুতে ঢাকা ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহিন, মহাসচিব কাদের গনি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশীদ আলম, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন, সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ, সাধারণ সম্পাদক আইয়ুব ভুঁইয়া পৃথক পৃথক শোক বার্তা দিয়েছেন।
এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক মওদুদ হোসেন আলমগীর পাভেল, সদস্য সচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, বিএনপি চেয়ারম্যানের প্রেস সচিব সালেহ শিবলী পৃথক শোক বার্তায় আলী মাহমুদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।




