Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

কার্তিক ২৭ ১৪৩৩, বৃহস্পতিবার ১২ নভেম্বর ২০২৬

ইসরায়েলি হামলায় নিহত গাজা ক্লাবের গোলরক্ষক মাহমুদ কামাল

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ০৮:৫৯, ১২ নভেম্বর ২০২৬

আপডেট: ০৯:০৪, ১২ নভেম্বর ২০২৬

প্রিন্ট:

ইসরায়েলি হামলায় নিহত গাজা ক্লাবের গোলরক্ষক মাহমুদ কামাল

ফিলিস্তিনি ফুটবলার মাহমুদ কামাল ফারেস আবদেল-মালেক ছবি সংগৃহীত

গাজার দক্ষিণ সাবরা এলাকায় ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন ফিলিস্তিনি ফুটবলার মাহমুদ কামাল ফারেস আবদেল-মালেক। ২০ বছর বয়সী এই খেলোয়াড় গাজা স্পোর্টস ক্লাবের অধিনায়ক ও গোলরক্ষক ছিলেন। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন (পিএফএ)।

বুধবার (১১ নভেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

পিএফএ জানিয়েছে, মঙ্গলবার গাজা সিটির দক্ষিণাঞ্চলীয় সাবরা এলাকায় ইসরায়েলি হামলায় প্রাণ হারান আবদেল-মালেক। সংস্থাটির হিসাব অনুযায়ী, গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে নিহত ক্রীড়াবিদ ও ক্রীড়াঙ্গনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৭ জনে।

মৃত্যুর মাত্র পাঁচ দিন আগেও মাঠে নেমেছিলেন এই তরুণ ফুটবলার। ‘থাউজ্যান্ড মার্টার্স কাপ’ প্রতিযোগিতায় গাজা ও উত্তর গাজা বিভাগের ফাইনালে খেলেছিলেন তিনি। গাজায় নিহত এক হাজারের বেশি ক্রীড়াবিদ ও ক্রীড়া কর্মকর্তার স্মরণে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।

আবদেল-মালেকের মৃত্যুর খবর জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গাজা স্পোর্টস ক্লাব লিখেছে, ‘প্রথম দলের কিংবদন্তি গোলরক্ষক মাহমুদ কামাল ফারেস আবদেল-মালেক কিছুক্ষণ আগে শহীদ হয়েছেন।’

প্রতিযোগিতাটির ফাইনালে রানার্সআপ হয়েছিল তাঁর দল গাজা স্পোর্টস ক্লাব। আলজাজিরাও গত সপ্তাহে এই টুর্নামেন্টের ফাইনাল নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছিল।

এ আয়োজনে অংশ নেয় ২০০টির বেশি ক্লাব। এর মধ্যে অধিকৃত পশ্চিম তীরের ১৪৬টি, গাজার ৪৪টি এবং লেবাননের ফিলিস্তিনি শরণার্থীশিবিরের ৩৬টি ক্লাব ছিল। তিনটি অঞ্চলে একই সময়ে প্রতিযোগিতাটি শুরু হয়।

পিএফএ সভাপতি জিব্রিল রাজুব বলেন, এই আয়োজন প্রমাণ করেছে, ফিলিস্তিনিরা তাদের জাতীয় প্রত্যয় হারায়নি। খেলাধুলা এখনো আশা ও জীবনের প্রতীক হয়ে থাকবে বলেও মন্তব্য করেন তিনি।

আবদেল-মালেকের মৃত্যুর কয়েক দিন আগেই খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় বন্ধুদের সঙ্গে ফুটবল খেলার সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হয় ১৫ বছর বয়সী মোহাম্মদ নিদাল বারবাক।

এদিকে গাজার ক্রীড়া অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি নিয়েও উদ্বেগ জানিয়েছেন ফিলিস্তিনি কর্মকর্তারা। তাঁদের দাবি, ইসরায়েলি হামলায় স্টেডিয়াম, ক্লাব, ইনডোর স্পোর্টস কমপ্লেক্স ও প্রশিক্ষণ একাডেমিসহ বহু স্থাপনা ধ্বংস হয়েছে।

ফিলিস্তিন স্পোর্টস মিডিয়া ফেডারেশনের মহাসচিব মুস্তাফা সিয়াম একে ফিলিস্তিনি ক্রীড়াঙ্গনের অস্তিত্বসংকট হিসেবে বর্ণনা করেছেন। আনাদোলু সংবাদ সংস্থাকে দেওয়া তাঁর তথ্য অনুযায়ী, গাজার ৫৬টি ক্রীড়া ক্লাবের মধ্যে ৫০টির বেশি ধ্বংস করেছে ইসরায়েল। এ ছাড়া ফিফার সহায়তায় ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠিত প্রায় ২০টি পাঁচ-এ-সাইড ফুটবল মাঠও ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইসরায়েলি ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী নীতিমালা লঙ্ঘনের অভিযোগ তুলে ফিফার কাছে নিষেধাজ্ঞার দাবিও জানিয়েছিল পিএফএ। গত মার্চে ফিফার শৃঙ্খলা কমিটির এক প্রতিবেদনে জেরুজালেমের ক্লাব বেইতার জেরুজালেমের বর্ণবাদী আচরণ ঠেকাতে কার্যকর ব্যবস্থা না নেওয়ার অভিযোগ ওঠে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া হিসাব অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ৭৪ হাজার ৬৪৫ জন নিহত এবং ১ লাখ ৭৫ হাজার ৯৭৮ জন আহত হয়েছেন।

সূত্র: আলজাজিরা

Walton
Walton