Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২৮ ১৪৩৩, সোমবার ১৩ জুলাই ২০২৬

ইউরোপে তাপপ্রবাহের সাতদিনে মারা গেছে ১০ হাজার মানুষ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:১১, ১৩ জুলাই ২০২৬

প্রিন্ট:

ইউরোপে তাপপ্রবাহের সাতদিনে মারা গেছে ১০ হাজার মানুষ

ছবি: সংগৃহীত

জুন মাসের শেষ দিকের তাপপ্রবাহের সময় ইউরোপের দেশগুলোতে প্রায় ১০ হাজার মানুষের মৃত্যুর তথ্য রেকর্ড করা হয়েছে। এই সংখ্যা স্বাভাবিক সময়ে মৃত্যুর গড় হিসাবের চেয়ে বেশি বা অতিরিক্ত।

ইউরোপীয় সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সমর্থিত নেটওয়ার্ক ‘ইউরোমমো’ প্রকাশিত উপাত্ত অনুসারে, মারা যাওয়া ১০ হাজার ৬৫০ ব্যক্তির মধ্যে ৯ হাজার জনের বয়স ৬৫ বছরের ঊর্ধ্বে। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গরম হিট স্ট্রোক, হৃদযন্ত্র ও শ্বাসতন্ত্রের রোগের মাত্রা বাড়িয়ে দিয়েছিল। সাধারণত, বয়োজ্যেষ্ঠরা এসব রোগের কারণে বেশি ঝুঁকিতে থাকেন

ইউরোমমো পরিচালনাকারী ডেনমার্কের ‘স্ট্যাটেনস সিরাম ইনস্টিটিউট’-এর প্রধান চিকিৎসক লাসে ভেস্টারগার্ড রয়টার্সকে বলেন, বছরের এই সময়ে অতিরিক্ত সংখ্যক মৃত্যুর ঘটনা অস্বাভাবিক। এটি সত্যিই অনেক বেশি।

ইউরোপীয় ইউনিয়নভুক্ত ২৭টি দেশের জাতীয় মৃত্যুহার পরিসংখ্যান থেকে নেওয়া উপাত্তে দেখা গেছে, গত ২২ থেকে ২৮ জুন পর্যন্ত বিভিন্ন কারণে মৃত্যুর ঘটনা নথিভুক্ত করা হয়েছে। ফলে এটি শুধু তাপমাত্রাজনিত কারণে মৃত্যুর পরিসংখ্যান নয়। তবে জুনের এই সময়েই ফ্রান্স, স্পেন ও ব্রিটেনসহ অন্যান্য দেশে দাবদাহ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল।

বিজ্ঞানীরা জানিয়েছেন, জুন মাসের ওই দাবদাহের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে মানুষের কারণে সৃষ্ট জলবায়ু পরিবর্তন। এই জলবায়ু পরিবর্তনের ফলেই দাবদাহের পুনরাবৃত্তি এবং তীব্রতা দিন দিন বাড়ছে।

Walton
Walton