ছবি: সংগৃহীত
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে সাজেকে আটকে পড়া ৪২১ পর্যটককে সেনাবাহিনী ও পুলিশের নিরাপত্তা স্কটের মাধ্যমে নিরাপদে খাগড়াছড়ির পথে পাঠানো হয়েছে।
শুক্রবার সকাল ৮টা ৪৫ মিনিটে সাজেক পর্যটন এলাকা থেকে পর্যটন বহনকারী ১০১টি ছোট-বড় যানবাহন সেনাবাহিনী ও টুরিস্ট পুলিশের নিরাপত্তায় বাঘাইহাট হয়ে খাগড়াছড়ির উদ্দেশে রওনা দেয়।
খাগড়াছড়িসহ বৃহত্তর চট্টগ্রামে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে দীঘিনালা-সাজেক-বাঘাইহাট সড়কের বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়েছিল। তবে পানি কিছুটা কমে আসা এবং আবহাওয়ার উন্নতি হওয়ায় আটকে পড়া পর্যটকদের নিরাপদে সরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়।
খাগড়াছড়ি রিজিয়নের সার্বিক তত্ত্বাবধানে পর্যটকদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দিতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পর্যটকদের সরিয়ে নেওয়ার পর বর্তমানে সাজেক পর্যটন এলাকায় আর কোনো পর্যটক অবস্থান করছেন না।
সাজেক থেকে ফিরে আসা অনেক পর্যটক প্রতিকূল পরিস্থিতিতে দ্রুত ও সুশৃঙ্খলভাবে উদ্ধার ও নিরাপত্তা নিশ্চিত করায় বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের প্রশংসা করেন। তাদের ভাষ্য, সেনাবাহিনীর সময়োপযোগী পদক্ষেপ, সার্বক্ষণিক তদারকি এবং সহযোগিতার কারণে তারা নিরাপদে গন্তব্যে ফিরতে সক্ষম হয়েছেন।
খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত জানান, খাগড়াছড়িতে পৌঁছানোর পর পর্যটকদের নিজ নিজ গন্তব্যে নির্বিঘ্নে পৌঁছে দিতে পরিবহন মালিক ও সংশ্লিষ্ট সমিতিগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।




