ফাইল ছবি
রাজধানীর ডেমরার একটি মাদ্রাসায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসময় দেয়ালের ইট খসে পড়ে ঘুমে থাকা ৫ শিক্ষার্থী আহত হয়।সোমবার বিকেলে পূর্ব বক্সনগর এলাকার দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদ্রাসায় (তাখসিসি শাখা) এই দুর্ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীরা হলো- রেদোয়ান (১৬), মোদাব্বির (১৫), সাফি (১৫), হুজাইফা (১৬) ও রোমান (১৫)। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।মাদ্রাসাটির শিক্ষক আশিকুর রহমান আকাশ জানান, আটতলা ভবনটির পুরোটাই মাদ্রাসা। যারা আহত হয়েছে তারা ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। থাকে ষষ্ঠ তলায়। বিকেলে ষষ্ঠতলায় তারা যখন ঘুমিয়ে ছিল তখন দেয়ালে থাকা বৈদ্যুতিক সুইচের বক্সে একটি বিস্ফোরণ ঘটে। সেই বিস্ফোরণে দেয়ালের কয়েকটি ইট খসে পড়ে। সেগুলোর আঘাতেই আহত হয় ওই পাঁচ শিক্ষার্থী।
আকাশ আরও জানান, সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। চারজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়। রেদোয়ান এখনো চিকিৎসাধীন। তার মাথায় সিটি স্ক্যান করা হচ্ছে। প্রতিবেদন দেখে চিকিৎসকরা ভর্তির সিদ্ধান্ত নেবেন।
চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক জানান, আহতদের কারোর অবস্থা তেমনটা গুরুতর না। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে।




