ফাইল ছবি
কক্সবাজারের উখিয়ার কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ‘এ-থ্রি’ ব্লকে একটি মাদ্রাসায় পাহাড়ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৮ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ৭ জনই শিশু, তারা সবাই ওই মাদ্রাসার শিক্ষার্থী
এ ছাড়া নিহত অপর একজন ওই মাদ্রাসার (প্রাপ্তবয়স্ক) শিক্ষক। এ ঘটনায় আরও ৫ জন আহত হয়েছে। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার সময় ওই মাদ্রাসায় ৪০ জনেরও বেশি শিক্ষার্থী ক্লাস করছিল।
বুধবার দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মোহাম্মদ মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিস জানায়, দুপুরে ক্লাস চলাকালে হঠাৎ মাদ্রাসাটির ওপর পাহাড়ধস হয়। এতে শিক্ষক-শিক্ষার্থীরা মাটিচাপা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পরে ধ্বংসস্তূপ থেকে ১৩ জনকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে ৮ জনের মৃত্যু হয়েছে এবং আহত ৫ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
টানা ভারি বর্ষণের কারণে মাদ্রাসা লাগোয়া পাহাড়ের মাটি দুর্বল হয়ে ধসে পড়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।




