Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২৩ ১৪৩৩, বুধবার ০৮ জুলাই ২০২৬

বৈরী আবহাওয়া: রাঙ্গামাটিতে সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:৪৫, ৮ জুলাই ২০২৬

প্রিন্ট:

বৈরী আবহাওয়া: রাঙ্গামাটিতে সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা

ছবি: সংগৃহীত

ভারী বর্ষণ ও বৈরী আবহাওয়ার কারণে রাঙ্গামাটি জেলার সব প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি পাঠদান বন্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। পাহাড় ধসের শঙ্কা ও পাহাড়ি ঢলের কারণে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।বুধবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. কফিল উদ্দিন।

তিনি জানান, বৃহস্পতিবার জেলার সব প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান বন্ধ থাকবে।

এই শিক্ষা কর্মকর্তা বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগ ও ভারী বর্ষণের কারণে বিভিন্ন জায়গায় পাহাড় ধসের আশঙ্কা দেখা দিয়েছে। ছড়া, নদী ও পাহাড়ি ঝিরিপথে পাহাড়ি ঢল সৃষ্টি হয়েছে। এতে কোমলমতি শিক্ষার্থীদের পক্ষে বিদ্যালয়ে যাওয়া ঝুঁকিপূর্ণ হয়ে গেছে।’

তিনি আরও বলেন, ‘ছোট ছোট শিশুদের নিরাপত্তার কথা বিবেচনা করে রাঙ্গামাটি পার্বত্য জেলার সব প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি পাঠদান বন্ধ থাকবে। তবে বিদ্যালয়ের দাফতরিক কার্যক্রমের জন্য অফিস খোলা থাকবে।’এদিকে, রাঙ্গামাটি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্যমতে, বুধবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলায় ৮৮ দশমিক ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

Walton
Walton