ছবি: সংগৃহীত
ভেনেজুয়েলায় গত মাসে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৩৪২ জনে পৌঁছেছে। ভূমিকম্পে আহত হয়েছেন ১৬ হাজার ৭৪০ জন।স্থানীয় সময় রোববার দেশটির যোগাযোগ ও তথ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
এক বিবৃতিতে ভেনেজুয়েলার যোগাযোগ ও তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, ভূমিকম্পের পর এখন পর্যন্ত ৬ হাজার ৪৬২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। দুর্যোগে ৮৫৬টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে ১৯০টি ভবন সম্পূর্ণ ধসে পড়েছে।কর্তৃপক্ষ জানিয়েছে, ৮৬ হাজার ৭৯৪টি পরিবারকে সহায়তা দেয়া হয়েছে। এখনও ১৭ হাজার ৩৪৫ জন গৃহহীন অবস্থায় রয়েছেন।
বিবৃতিতে আরও বলা হয়, ভূমিকম্পকবলিত এলাকায় ৪ হাজার ৮৮ জন আন্তর্জাতিক উদ্ধারকর্মী মোতায়েন করা হয়েছে। পাশাপাশি রাজধানী কারাকাস থেকে ২৯ হাজার ৫৬৭ জন সরকারি কর্মী এবং ২৭ হাজার ৪৮২ জন স্বেচ্ছাসেবক ত্রাণ কার্যক্রমে অংশ নিচ্ছেন।প্রতিবেদনে বলা হয়েছে, এ পর্যন্ত ক্ষতিগ্রস্তদের মধ্যে ৯ হাজার ৫৮৫ মেট্রিক টন খাদ্য এবং ৬ লাখ ৬৯ হাজার ৮ লিটার বিশুদ্ধ পানি বিতরণ করা হয়েছে। এছাড়া ২৩ হাজার ৮২০ জন রোগীকে চিকিৎসাসেবা দেয়া হয়েছে এবং ৭৯টি অস্থায়ী আশ্রয়শিবির স্থাপন করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্যানুযায়ী, গত ২৪ জুন মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে ভেনেজুয়েলায় ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।
যোগাযোগ ও তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, মূল ভূমিকম্পের পর এখন পর্যন্ত ৯৯৫টি আফটারশক (পরাঘাত) রেকর্ড করা হয়েছে।




