Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ১৯ ১৪৩৩, শনিবার ০৪ জুলাই ২০২৬

খামেনির জানাজা বয়কটে বিভিন্ন দেশের ওপর মার্কিন চাপের অভিযোগ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:৪৫, ৪ জুলাই ২০২৬

প্রিন্ট:

খামেনির জানাজা বয়কটে বিভিন্ন দেশের ওপর মার্কিন চাপের অভিযোগ

ছবি: সংগৃহীত

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় বিভিন্ন দেশকে অংশ না নেওয়ার জন্য যুক্তরাষ্ট্র কূটনৈতিক চাপ প্রয়োগ করেছে বলে দাবি করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি।

এক জ্যেষ্ঠ ইরানি সূত্রের বরাত দিয়ে সংস্থাটি জানিয়েছে, গত পাঁচ দিনে এ বিষয়ে ব্যাপক কূটনৈতিক তৎপরতা চালিয়েছে ওয়াশিংটন। প্রতিবেদনে দাবি করা হয়, এই প্রচারণার সমন্বয় করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এ কাজে বিশ্বের বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতদেরও সম্পৃক্ত করা হয়।

তাসনিমের দাবি, ২৬ জুন জারি করা এক গোপন নির্দেশনায় বিশ্বের বিভিন্ন দেশে থাকা মার্কিন দূতাবাস ও কূটনৈতিক মিশনগুলোকে স্বাগতিক দেশের সরকারকে খামেনির জানাজায় প্রতিনিধি না পাঠাতে উদ্বুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়। ওই নির্দেশনায় বলা হয়, অনুষ্ঠানে অংশগ্রহণকে যুক্তরাষ্ট্র ‘অবন্ধুত্বপূর্ণ পদক্ষেপ’ হিসেবে বিবেচনা করতে পারে এবং এর প্রভাব সংশ্লিষ্ট দেশের সঙ্গে ওয়াশিংটনের দ্বিপক্ষীয় সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়তে পারে।

প্রতিবেদনটিতে আরও দাবি করা হয়, কোনো দেশ প্রতিনিধি পাঠালে তাদের জন্য যুক্তরাষ্ট্রের উন্নয়ন সহায়তা কমিয়ে দেওয়া বা স্থগিত করার পাশাপাশি কূটনৈতিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কার কথাও উল্লেখ করা হয়েছিল।

নাম প্রকাশে অনিচ্ছুক দুই আরব কূটনীতিকের বরাত দিয়ে তাসনিম জানিয়েছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ব্যক্তিগতভাবে অন্তত পাঁচটি আরব দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করে জানাজায় অংশ না নেওয়ার আহ্বান জানান। এছাড়া আফ্রিকার কয়েকটি দেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতরা সংশ্লিষ্ট দেশগুলোকে তেহরানে প্রতিনিধি পাঠালে উন্নয়ন সহায়তা বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে।

তাসনিমের ভাষ্য অনুযায়ী, মার্কিন কূটনৈতিক চাপের কারণে অন্তত ১৩টি দেশ শেষ পর্যন্ত জানাজায় অংশগ্রহণের সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ায়। এসব দেশের মধ্যে তিনটি পূর্ব ইউরোপের, পাঁচটি আফ্রিকার, দুটি পারস্য উপসাগরীয় আরব রাষ্ট্র এবং পূর্ব এশিয়ার দুটি গুরুত্বপূর্ণ দেশ রয়েছে বলে উল্লেখ করা হলেও তাদের নাম প্রকাশ করা হয়নি।

প্রতিবেদন অনুযায়ী, কয়েকটি দেশ জেনেভা ও নিউইয়র্কের কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে তাদের অনুপস্থিতির কারণ ব্যাখ্যা করে দুঃখ প্রকাশ করেছে। আবার কয়েকটি দেশ নিম্নপদস্থ কূটনীতিক পাঠানোর প্রস্তাব দিলেও ইরান তা গ্রহণ করেনি বলেও দাবি করা হয়েছে।

তবে যুক্তরাষ্ট্রের কথিত চাপ সত্ত্বেও খামেনির জানাজায় ১০০টির বেশি দেশের প্রতিনিধি অংশ নিয়েছেন বলে দাবি করেছে তাসনিম নিউজ এজেন্সি। সংস্থাটির মতে, এটি প্রয়াত ইরানি নেতার প্রতি আন্তর্জাতিক শ্রদ্ধার বহিঃপ্রকাশ এবং যুক্তরাষ্ট্রের কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হওয়ার প্রমাণ।

প্রতিবেদন অনুযায়ী, কয়েক দিনব্যাপী তেহরানে রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে জনসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য খামেনির মরদেহ রাখা হবে। পরে তাকে মাশহাদের ইমাম রেজার মাজারসংলগ্ন এলাকায় দাফন করা হবে।

এদিকে, জানাজা চলাকালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে যেকোনো ধরনের উসকানিমূলক পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন ইরানি কর্মকর্তারা।

তবে তাসনিম নিউজ এজেন্সির এসব দাবি সম্পর্কে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। স্বাধীন কোনো সূত্র থেকেও অভিযোগগুলোর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

Walton
Walton