Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ১৯ ১৪৩৩, শনিবার ০৪ জুলাই ২০২৬

খামেনির জানাজায় ১৪ মাস বয়সি নাতনির ছোট্ট কফিন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:৫৮, ৪ জুলাই ২০২৬

প্রিন্ট:

খামেনির জানাজায় ১৪ মাস বয়সি নাতনির ছোট্ট কফিন

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় নিহত ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এবং তার পরিবারের সদস্যদের ছয় দিনব্যাপী রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া ও বিদায় অনুষ্ঠান শুরু হয়েছে। তেহরানের ইমাম খামেনি গ্র্যান্ড মোসাল্লা মসজিদে আয়োজিত এই শোকানুষ্ঠানের একটি হৃদয়বিদারক ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ইরানের জাতীয় পতাকায় মোড়ানো খামেনির বড় কফিনটির ঠিক পাশেই রাখা ছিল একটি ছোট্ট কফিন। এটি খামেনির ১৪ মাস বয়সী নাতনি জাহরা মোহাম্মদি গোলপায়েগানির। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিমান হামলার প্রথম দিনেই একই বিস্ফোরণে আলি খামেনি, তার মেয়ে, জামাতাসহ পরিবারের মোট চার সদস্য নিহত হন।

বড় বড় কফিনগুলোর পাশে রাখা এই নিষ্পাপ শিশুর ক্ষুদ্র কফিনটি চলমান যুদ্ধের ভয়াবহ মানবিক বিপর্যয়ের এক করুণ প্রতীক হয়ে ওঠেছে।শুক্রবার আয়োজিত এই বিশেষ বিদায়ী অনুষ্ঠানে ইরানের শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব উপস্থিত হয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং বিচার বিভাগের প্রধান গোলাম হোসেন মোহসেনি ইজেইসহ শীর্ষ কর্মকর্তাদের অশ্রুসিক্ত চোখে মরদেহের প্রতি সম্মান জানাতে দেখা যায়।

ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) এক ঊর্ধ্বতন কমান্ডার মহসেন রেজায়ি এই দৃশ্য দেখে প্রকাশ্যে কেঁদে ফেলেন।

আগামী কয়েক দিনে এই জানাজা ও শোকমিছিলে লাখ লাখ সাধারণ ইরানি নাগরিক অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে। তেহরান থেকে শুরু হওয়া এই অন্ত্যেষ্টিক্রিয়া প্রক্রিয়া পবিত্র নগরী কোম ও ইরাকের শিয়া অধ্যুষিত কারবালা-নাজাফ হয়ে আগামী বৃহস্পতিবার (৯ জুলাই) খামেনির জন্মস্থান মাশহাদে দাফনের মাধ্যমে শেষ হবে।

এই জানাজা অনুষ্ঠানে বাংলাদেশ, পাকিস্তান, রাশিয়া, চীন ও ভারতের প্রতিনিধি দলসহ প্রায় ৯০টি দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। তবে কোনো পশ্চিমা দেশের প্রতিনিধিকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি। ইতোমধ্যেই খামেনেইর মৃত্যুর পর তার ছেলে মোজতবা খামেনেইকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করা হয়েছে। সূত্র: এনডিটিভি

Walton
Walton