ছবি: সংগৃহীত
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে গভীর খাদে যাত্রীবাহী বাস পড়ে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও আটজন আহত হয়েছেন। শুক্রবার বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়ার সীমান্তবর্তী শেরানি–ঝোব মহাসড়কের দানাসার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পাকিস্তানের মেডিকেল ইমার্জেন্সি রেসপন্স সেন্টার (এমইআরসি) জানিয়েছে, কোয়েটা থেকে পেশাওয়ারগামী নিউ মেখতার পরিবহণের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত ৪০টি মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত আটজনকে ঝোব ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে।
উদ্ধার অভিযানে ছয়টি অ্যাম্বুলেন্স, ১২ জন জরুরি চিকিৎসা প্রযুক্তিবিদ এবং ১০টি হালকা পরিবহনযান মোতায়েন করা হয়। দুর্ঘটনার খবর পাওয়ার পর শেরানি জেলা প্রশাসন, উদ্ধারকারী দল ও অ্যাম্বুলেন্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। খাইবার পাখতুনখোয়ার উদ্ধারকর্মীরাও অভিযানে অংশ নেন।শেরানির ডেপুটি কমিশনার হাজরত ওয়ালি কাকার বলেন, আহতদের উদ্ধার করে আশপাশের হাসপাতালে নেওয়া হচ্ছে। একই সঙ্গে নিহতদের মরদেহ উদ্ধারের কাজও অব্যাহত রয়েছে।
তিনি জানান, বাসটি কোয়েটা থেকে ৩৬ জন যাত্রী নিয়ে যাত্রা শুরু করেছিল। তবে পথে বিকল হয়ে যাওয়া আরেকটি বাসের অতিরিক্ত যাত্রীরা এই কোচে ওঠায় যাত্রীর সংখ্যা আরও বেড়ে যায়।আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে শেরানি ও ডেরা ইসমাইল খান জেলার হাসপাতালগুলোতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
পাহাড়ি দুর্গম এলাকায় উদ্ধার অভিযান চালানো কঠিন হলেও রেসকিউ ১১২২, ফ্রন্টিয়ার কর্পস, পুলিশ, জেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট অন্যান্য সংস্থা যৌথভাবে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।
দুর্ঘটনার কারণ জানতে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।




