ছবি: সংগৃহীত
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজাকে সামনে রেখে যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে যেকোনো ধরনের সামরিক পদক্ষেপ থেকে বিরত থাকার কঠোর সতর্কবার্তা দিয়েছে তেহরান। বৃহস্পতিবার দেশটির এক শীর্ষ সামরিক কমান্ডার বলেন, ইরানের বিরুদ্ধে নতুন কোনো হামলা হলে তার জবাব হবে কঠোর ও তাৎক্ষণিক।
রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে প্রকাশিত এক বিবৃতিতে ইরানের খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার আলী আবদোল্লাহি বলেন, আমরা ইরানের শত্রুদের, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও জায়নবাদী শাসন (ইসরাইল)-কে ভুল হিসাব না করার আহ্বান জানাচ্ছি। আমাদের দেশের বিরুদ্ধে যেকোনো হুমকি বা আগ্রাসনের জবাবে ইরানের সশস্ত্র বাহিনী কঠোর প্রতিশোধ নেবে- এ বিষয়টি তাদের মনে রাখা উচিত।
গত ২৮ ফেব্রুয়ারি ইসরাইল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্যের আনুষ্ঠানিকতা আগামী ৪ জুলাই তেহরানে শুরু হবে। ৯ জুলাই তার নিজ শহর মাশহাদে দাফনের মধ্য দিয়ে শেষ হবে এই কর্মসূচি। এ সময়ের মধ্যে কুম ও ইরাকেও স্মরণানুষ্ঠানের আয়োজন করা হবে।
এর আগে বুধবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিও একই ধরনের সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেন, ইরানের জনগণ বা নেতৃত্বের বিরুদ্ধে যেকোনো হুমকির জবাবে তেহরান তাৎক্ষণিক ও শক্তিশালী প্রতিক্রিয়া জানাবে।
অন্যদিকে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ সম্প্রতি মন্তব্য করেন, ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ‘মৃত্যুর লক্ষ্যবস্তু’। তার এই মন্তব্যের পরই ইরান আরও কঠোর অবস্থান নেয়।
রয়টার্স জানিয়েছে, খামেনির শেষকৃত্য উপলক্ষে ইরান জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি দেশটির বেসামরিক বিমান চলাচল সংস্থার প্রধান বুধবার জানান, তেহরান, মাশহাদসহ কয়েকটি শহরের আকাশসীমায় সাময়িক উড়োজাহাজ চলাচলে বিধিনিষেধ আরোপ করা হবে।




