Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ১৪ ১৪৩৩, সোমবার ২৯ জুন ২০২৬

হরমুজে হামলা বন্ধে সম্মত যুক্তরাষ্ট্র-ইরান : মঙ্গলবার বৈঠক

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:২৪, ২৯ জুন ২০২৬

প্রিন্ট:

হরমুজে হামলা বন্ধে সম্মত যুক্তরাষ্ট্র-ইরান :  মঙ্গলবার বৈঠক

ফাইল ছবি

হরমুজ প্রণালিকে কেন্দ্র করে সাম্প্রতিক উত্তেজনার মধ্যে সংঘাত এড়াতে নীতিগতভাবে একমত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। এ লক্ষ্যে আগামী মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় দুই দেশের প্রতিনিধিদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে হরমুজ প্রণালির নিরাপত্তা, নৌযান চলাচল এবং বিরোধ নিরসনের বিষয়গুলো গুরুত্ব পাবে বলে জানা গেছে।

এদিকে হরমুজ প্রণালিতে নৌপরিবহন ব্যবস্থাপনার দায়িত্ব একমাত্র ইরানের বলেই দাবি করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি বলেন, এ বিষয়ে ইরানের ভূমিকায় কোনো ধরনের হস্তক্ষেপ করা হলে তা তেহরান ও ওয়াশিংটনের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে।

মার্কিন প্রশাসনের এক কর্মকর্তার বরাতে সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক রাখতে যুক্তরাষ্ট্র আপাতত সব ধরনের সামরিক অভিযান স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো পক্ষ আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।

সংবাদমাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদনে আরও বলা হয়েছে, সাম্প্রতিক যুদ্ধের পর স্বাক্ষরিত সমঝোতা স্মারকে হরমুজ প্রণালির নিরাপত্তা ও জাহাজ চলাচল নিয়ে দুই দেশের ভিন্ন ব্যাখ্যা থেকেই নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার প্রতিবাদে ওয়াশিংটনের সঙ্গে নির্ধারিত কারিগরি পর্যায়ের আলোচনা থেকেও সরে দাঁড়িয়েছে ইরান।

ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয়ের এক কর্মকর্তা রাষ্ট্রীয় টেলিভিশনকে জানান, যুক্তরাষ্ট্রের হামলা এবং সমঝোতার শর্ত পূরণ না হওয়ায় রোববারের বৈঠকে অংশ নেয়নি তেহরান। তার দাবি, সমঝোতায় দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি সম্ভব নয়।

অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে যুদ্ধাপরাধ, আগ্রাসন এবং শিশু হত্যার অভিযোগ এনে আন্তর্জাতিক বিচারের দাবি জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা আলি খামেনি।

Walton
Walton