ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘স্বাস্থ্য সচেতনতা বাড়াতে দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার। এর মধ্যে ৮০ শতাংশ নারী স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে।’ শনিবার দুপুরে সিলেট সিটি করপোরেশন প্রাঙ্গণে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনার কারণ হচ্ছে এসব স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে মা-বোনদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বাড়াবে। কীভাবে ডায়াবেটিসসহ নানা রোগ প্রতিরোধ করা যায় সেসব বিষয়ে মা ও বোনদের অবগত করবে। স্বাস্থ্য সচেতনতায় গ্রামের মানুষকে অন্তর্ভুক্ত করতে পারলে হাসপাতালের ওপর চাপ কমবে।’
সিলেটের স্বাস্থ্যসেবার প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, ‘সিলেটের আড়াইশ শয্যার জেলা হাসপাতালের কার্যক্রম শুরু করা হবে। ওসমানী মেডিকেল কলেজসহ সিলেটের হাসপাতালে ১২০০ শয্যার হাসপাতালে রূপান্তরের উদ্যোগ নেয়া হচ্ছে।’
অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী বক্তব্য রাখেন।




