Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ২৭ ১৪৩৩, শনিবার ১২ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় ঈদগাহের পাশ থেকে ২ মরদেহ উদ্ধার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:১৮, ১২ সেপ্টেম্বর ২০২৬

প্রিন্ট:

জাতীয় ঈদগাহের পাশ থেকে ২ মরদেহ উদ্ধার

ফাইল ছবি

রাজধানীর শাহবাগ এলাকা থেকে অজ্ঞাত পরিচয়ের দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের আনুমানিক বয়স ৬৫ ও ৪৫ বছর। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।শনিবার দুপুরে জাতীয় ঈদগাহ ময়দান সংলগ্ন ফুটপাত ও কদম ফোয়ারা মোড় থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) তৌফিক হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, দুপুরে হাইকোর্ট মাজার ও জাতীয় ঈদগাহ সংলগ্ন ফুটপাতে দুজনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় পথচারীরা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুজনকেই মৃত ঘোষণা করেন।

পরে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এসআই তৌফিক হাসান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহত দুজন ভবঘুরে প্রকৃতির ছিলেন। অসুস্থতার কারণে তাদের মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।

নিহতদের পরিচয় শনাক্ত করতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক টিমকে খবর দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Walton
Walton