Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ফাল্গুন ২৩ ১৪৩২, রোববার ০৮ মার্চ ২০২৬

নরওয়েতে মার্কিন দূতাবাসে শক্তিশালী বিস্ফোরণ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:১৭, ৮ মার্চ ২০২৬

প্রিন্ট:

নরওয়েতে মার্কিন দূতাবাসে শক্তিশালী বিস্ফোরণ

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এবার ইউরোপের দেশ নরওয়ের রাজধানী অসলোতে অবস্থিত মার্কিন দূতাবাসে শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া গেছে। রোববার স্থানীয় সময় রাত ১টার দিকে দূতাবাসের কনস্যুলার শাখার প্রবেশপথে এই বিস্ফোরণ ঘটে। তবে এতে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। এ খবর দিয়েছে সিবিএস নিউজ।

অসলো পুলিশের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে জানানো হয়, বিকট শব্দে বিস্ফোরণের খবর পাওয়ার পরপরই বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ ইনসিডেন্ট কমান্ডার মাইকেল ডেলমার গণমাধ্যমকে জানান, রাত ১টার দিকে আমরা বিস্ফোরণের একাধিক খবর পাই। ঘটনাস্থলে পৌঁছে আমরা নিশ্চিত হয়েছি যে বিস্ফোরণটি সরাসরি মার্কিন দূতাবাসে আঘাত হেনেছে। তবে এতে ক্ষয়ক্ষতির পরিমাণ সামান্য।

বিস্ফোরণের কারণ বা এর নেপথ্যে কারা রয়েছে, সে সম্পর্কে এখনই কোনো মন্তব্য করতে রাজি হয়নি পুলিশ। ডেলমার বলেন, তদন্ত একদম প্রাথমিক পর্যায়ে রয়েছে, তাই কী ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়েছে সে বিষয়ে এখনই কিছু বলা সম্ভব নয়।

দূতাবাসের কাছে বসবাসকারী ১৬ বছর বয়সী এক কিশোর জানায়, আমি তখন টেলিভিশন দেখছিলাম, হঠাৎ বিকট শব্দ শুনতে পাই। আমার মা আর আমি প্রথমে ভেবেছিলাম শব্দটা আমাদের ঘর থেকেই এসেছে। কিন্তু পরে জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখি প্রচুর পুলিশ, ড্রোন এবং হেলিকপ্টার টহল দিচ্ছে। চারদিকে স্বয়ংক্রিয় অস্ত্রধারী পুলিশ ও ডগ স্কোয়াড মোতায়েন করা হয়েছে।

মার্কিন স্টেট ডিপার্টমেন্টের পক্ষ থেকে এই বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। পুলিশ বর্তমানে দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে এবং এলাকাটি ঘিরে রাখা হয়েছে।

Walton
Walton