ছবি: সংগৃহীত
যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা পুনর্ব্যক্ত করেছে ইরান। বিভিন্ন মহল থেকে যে কূটনৈতিক সমাধানের কথা বলা হচ্ছে তাতে আপাতত সায় নেই দেশটির। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, তার দেশ কোনোরকম যুদ্ধবিরতিতে রাজি নয়। পক্ষান্তরে ইরানে হামলা জোরদার করেছে যুক্তরাষ্ট্র। যুদ্ধ শুরুর ৭ম দিন প্রথম ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় বি-২ বোমারু বিমান থেকে বোমাবর্ষণ করার কথা জানিয়েছে ওয়াশিংটন।
বিশ্লেষকরা বলছেন, কোনো পক্ষই আপাতত কূটনৈতিক সমাধানের পথে নেই। বিশেষ করে ইরান এ বিষয়ে স্পষ্ট বার্তা দিয়েছে। আব্বাস আরাগচি বলেছেন, যুক্তরাষ্ট্র বারবার কূটনৈতিক আলোচনার মাঝপথে আমাদের ওপর হামলা চালিয়েছে। সুতরাং আমাদের পক্ষে যুদ্ধবিরতিতে যাওয়ার কোনো সুযোগ নেই। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও একই কথা বলেছেন। তার ভাষ্য, যেহেতু যুক্তরাষ্ট্র ও ইসরাইল এই যুদ্ধ শুরু করেছে, তাই তাদেরই যুদ্ধবিরতির পথ খুঁজতে হবে। সামরিক বিশেষজ্ঞরা মনে করেন, বাহ্যিক ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হলেও এখন পর্যন্ত ইরানই এই যুদ্ধে কৌশলগত দিক থেকে এগিয়ে আছে। কারণ ইরান মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে। বিশ্ব অর্থনীতির গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি এখনো তাদের নিয়ন্ত্রণে। এতে তেলনির্ভর অর্থনীতিতে ইতিমধ্যেই বড় ধাক্কা দিতে সক্ষম হয়েছে ইরান। অন্যদিকে শুক্রবার তেল আবিবেও জোরালো হামলা চালিয়েছে ইরানের বিপ্লবী গার্ড আইআরজিসি। আল জাজিরা জানিয়েছে, একদম তেল আবিবের প্রাণকেন্দ্রে হামলা চালিয়েছে তারা। হামলা হয়েছে ইসরাইলের প্রধান ও সবচেয়ে বড় বিমানবন্দর বেন গুরিয়নে। এ ছাড়া শুক্রবার ভূমধ্যসাগরে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনেও হামলার দাবি করেছে ইরান। এতে জাহাজটি কিছুটা ক্ষতির সম্মুখীন হয়েছে। লেবাননের হিজবুল্লাহকে লক্ষ্য করেও ব্যাপক হামলা চলছে। আন্তর্জাতিক মিডিয়ার খবর, ইরানে অন্তত ১,৩৩৮ জন নিহত হয়েছেন। এর মধ্যে, মিনাব শহরে বালিকা বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীও রয়েছেন।বি-২ বিমান থেকে বোমাবর্ষণ: ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে ব্যাপক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। হামলার সপ্তম দিনে (শুক্রবার) প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র বি-২ বিমান থেকে বোমা হামলা করার কথা জানিয়েছে। আর ইসরাইল বলেছে, ইরানে তারা দ্বিতীয় ধাপের হামলা চালিয়েছে। ইরানের ওপর হামলার তীব্রতা আরও বাড়ানো হচ্ছে জানিয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, এই বোমাবর্ষণের তীব্রতা নাটকীয়ভাবে বৃদ্ধি পেতে চলেছে। ইরানে হামলা চালানো যুক্তরাষ্ট্রের বি-২ বোমারু বিমান টানা ৩৭ ঘণ্টা আকাশে থাকে। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার জানিয়েছেন, শুক্রবার ভোরে যুক্তরাষ্ট্রের বি-২ স্টিল্থ বোমারু বিমানগুলো ইরানের ভূগর্ভস্থ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লঞ্চারগুলোর ওপর ডজনখানেক ২,০০০ পাউন্ডের ‘পেনিট্রেটর’ বোমা (ভূগর্ভে প্রবেশ করে ধ্বংস ঘটাতে সক্ষম) নিক্ষেপ করেছে।
মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে হামলা: মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তর। এ তথ্য জানায় ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম। খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র বলেন, হরমুজ প্রণালি নিয়ন্ত্রণের উদ্দেশ্যে ওমান সাগরে ইরানের সামুদ্রিক সীমান্ত থেকে প্রায় ৩৪০ কিলোমিটার দূরে এগিয়ে এসেছিল বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন। সে সময় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌ শাখার ড্রোনের আঘাতে রণতরীটি ক্ষতিগ্রস্ত হয়। তিনি আরও বলেন, হামলার পর রণতরীটি তার ডেস্ট্রয়ারগুলোর সঙ্গে দ্রুত সরে যায়। এখন এটি ঘটনাস্থল থেকে প্রায় এক হাজার কিলোমিটার দূরে অবস্থান করছে। সমপ্রতি আইআরজিসি দাবি করে, ‘অপারেশন ট্রু প্রমিজ ৪’-এর অংশ হিসেবে ইউএসএস আব্রাহাম লিংকনকে চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করা হয়েছে।স্থল অভিযানে মার্কিন সেনাদের মোকাবিলায় প্রস্তুত ইরান: ইরানে যদি কোনো স্থল অভিযান চালানো হয়, তবে মার্কিন সেনাদের মোকাবিলা করতে তেহরান প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। মার্কিন সংবাদমাধ্যম এনবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ হুঁশিয়ারি দেন। এ খবর দিয়েছে দ্য গার্ডিয়ান। এতে বলা হয়, ইরানে ‘বুটস অন দ্য গ্রাউন্ড’ বা স্থল সেনা মোতায়েনের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এখন পর্যন্ত মিশ্র ইঙ্গিত দিয়ে আসছেন। এ প্রসঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই যুদ্ধে কেউ জয়ী হবে না। ইরান কোনো যুদ্ধবিরতির অনুরোধও জানাচ্ছে না।




